মাঠে টিকে থাকার লড়াইয়ে বিএনপি, নতুন মামলা

সুনামগঞ্জ জেলা বিএনপির নেতারা অভিযোগ করেছেন, ‘গায়েবি’ মামলা, গ্রেপ্তার এবং হুমকি-ধমকির কারণে এখন ভোটের মাঠে টিকে থাকার জন্য লড়াই করতে হচ্ছে তাঁদের। গ্রেপ্তার–আতঙ্ক বিরাজ করছে তাঁদের মধ্যে। পুলিশ নেতা-কর্মীদের মাঠে দাঁড়াতে দিচ্ছে না। সুষ্ঠু নির্বাচনের কোনো লক্ষণ তাঁরা দেখতে পাচ্ছেন না। তবে শেষ পর্যন্ত মাঠে থাকার চেষ্টা করবেন তাঁরা।
গতকাল মঙ্গলবার জেলা বিএনপির এক সংবাদ সম্মেলন শেষে দলটির নেতারা এসব অভিযোগ করেন। শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। তিনি নির্বাচনের তফসিল ঘোষণার পর জেলায় দলের নেতা-কর্মীদের ওপর দায়ের করা ‘গায়েবি’ মামলা ও গ্রেপ্তারের বিবরণ তুলে ধরেন। এরপর জেলায় নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমেদ মিলন।
লিখিত বক্তব্যে সাধারণ সম্পাদক বলেন, তফসিল ঘোষণার পর জেলার ১২টি থানায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ১৮টি মামলা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা এক হাজারের বেশি। প্রতিটি মামলায় অজ্ঞাতনামা আসামি থাকায় পুলিশ এখন যাকে পাচ্ছে তাকেই গ্রেপ্তার করছে। গতকাল দুপুর পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ২৭৪ জন। এর মধ্যে জামিনে আছেন ১৯৭ জন। কারাগারে আছেন ৭৭ জন।
কলিম উদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, গ্রেপ্তার-হয়রানি তত বাড়ছে। বিএনপির প্রচারণায় নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। নেতা-কর্মীরা বাড়িতে থাকতে পারছেন না। যেখানে যাকে পাচ্ছে পুলিশ আটক করে গায়েবি মামলায় ঢুকিয়ে দিচ্ছে। নেতা-কর্মীরা মাঠে থাকতে পারছেন না। তাঁদের মধ্যে গ্রেপ্তার–আতঙ্ক বিরাজ করছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জেলা বিএনপির সহসভাপতি আনিসুল হক ও আবুল কালাম আজাদ, জেলা কৃষক দলের সভাপতি আ ত ম মিসবাহ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
৮৫ জনের বিরুদ্ধে নতুন মামলা
সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর-জামালগঞ্জ-ধরমপাশা) জামালগঞ্জ থানায় গত সোমবার রাতে জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শুকুর আলী বাদী হয়ে ৮৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। শুকুর আলী স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। মামলায় জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক আফিন্দি, সদর ইউপির চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ সাজিবসহ ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। আসামিদের প্রায় সবাই বিএনপির নেতা-কর্মী ও সমর্থক।
মামলায় অভিযোগ করা হয়েছে, রোববার রাতে সদর ইউনিয়নের উজান লালপুর বাজারে অবস্থিত আওয়ামী লীগের প্রার্থী সাংসদ মোয়াজ্জেম হোসেনের নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছেন আসামিরা।