মাঠে ধান চকচক করে হাটে কৃষক কাঁদে
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এবার ধানের ফলন ভালো হয়েছে। মাঠ ধানে চকচক করছে। কিন্তু হাটে গিয়ে কৃষকেরা দাম না পাওয়ায় তাঁদের কান্না ছাড়া উপায় থাকছে বলে জানিয়েছেন কয়েকজন কৃষক। এ কারণে অনেক কৃষক দিশেহারা হয়ে পড়েছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় এবার ১৯ হাজার ২০০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এ ছাড়া চলতি বছরে ৬ হাজার হেক্টর জমিতে বোরো ধান ও ১২ হাজার ৫০০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত মৌসুমে ৮ হাজার ৫০ হেক্টর জমিতে বোরো ধান ও ৯ হাজার ৫৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছিল।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার রসুলগঞ্জ হাটে গিয়ে কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, এই উপজেলার প্রধান অর্থকরী ফসল ধান। মৌসুমের শুরুতেই কৃষক প্রতি মণ (৪০ কেজি) ধান ৫৫০ থেকে ৫৭০ টাকায় বিক্রি করেছেন। বর্তমানে এই উপজেলার বিভিন্ন হাটবাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৪৯০ থেকে ৫০০ টাকায়। প্রতি মণ ধানের দাম কমেছে ৬০ থেকে ৭০ টাকা। এখন বোরো ও ভুট্টার মৌসুম চলছে। অথচ প্রায় দুই সপ্তাহ থেকে দাম কমছে তা কমছেই। ধান বিক্রি করে বোরো আবাদের জোগান দিতে হবে। এ ছাড়া ছেলেমেয়েদের লেখাপড়াসহ ভর্তি ও সংসারের যাবতীয় খরচ কৃষকেরা জোগাড় করেন এই ধান বিক্রি করেই। তাই এ সময়ে ধানের দাম পড়ে যাওয়ায় তাঁরা হতাশ ও চিন্তিত হয়ে পড়েছেন।
উপজেলার কুচলিবাড়ি গ্রামের কৃষক লিয়াকত আলী (৬৫) বলেন, ‘মাঠত দেখছন না, ধান জ্বলেছে (চকচক)। কিন্তু হাটোত বেচেবার যেয়া বুক ফাঠি কান্দোন (কান্না) আইসেছোল, বাহে; ছোয়া পোয়াক (ছেলেমেয়ে) লেখাপোড়া কেমন করি করাম। মনের দুংখ, মনোন থাকুক। আর কিছু নাকোম, বাহে।’
কুচলিবাড়ি ইউনিয়নের লক্ষ্যনার্থের কামাত গ্রামের কৃষক ফুরল মিয়া (৫৫) বলেন, ‘আগোত ধান তুলিয়া বেচানো (বিক্রি করেছি) এক মণ ৫৭০ টাকায়। হর এ্যালা (এখন) সেই ধান ৪৯০ টাকা। লাভ না হয় না হউক, আবাদের টাকাটা উঠিবে তো। সেটাত হয়চ্ছে নাতো।’
ধান ও চাল ব্যবসায়ী বেলাল হোসেন বলেন, ‘সরকারিভাবে খোলাবাজারে (ওএমএস) চাল বিক্রির খবরে চাল ব্যবসায়ীরা লোকসানের ভয়ে ধান ক্রয় করছেন না। এ কারণে ধানের বাজার ক্রমেই নিম্নমুখী হচ্ছে। তবে হাটে বাইরের ব্যবসায়ীরা ধান কিনতে না এলে এমনিতেই এখানে ধানের দাম কমে যায়।’ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক টি আলম বলেন, এ বছর সরকারিভাবে ৩১ টাকা দরে প্রায় ৭১৮ টন চাল ক্রয় করা হবে। ইতিমধ্যে চাল সংগ্রহ অভিযান শুরু হয়ে গেছে। ক্রয় শেষের দিকে। তবে খোলাবাজারে সরকারিভাবে চাল বিক্রির কোনো তথ্য তাঁর জানা নেই।