
৫ সেপ্টেম্বর রাত ১০টা। চাঁপাইনবাবগঞ্জের হর্টিকালচার সেন্টারের খাবার ঘর। টেবিলে দ্বিতীয় প্রজন্মের গাছ থেকে পাওয়া গৌড়মতি আম। প্যানেল টেস্টের জন্য প্রস্তুত বিজ্ঞানীরা।
বাড়তি আকর্ষণ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের অধ্যাপক সুলতান উদ্দিন ভূঁইয়া। তাঁর সঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক উদ্যানবিদ মেহেদি মাসুদ, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক সাইফুর রহমান, প্রশিক্ষণ কর্মকর্তা জহুরুল ইসলাম। আমের স্বাদ আস্বাদনের পর একে একে উজ্জ্বল হয়ে উঠল গম্ভীর মুখগুলো। মন্তব্য—সম্পূর্ণ মাতৃগুণাগুণ পেয়েছে আমটি। পরিতৃপ্ত পুরো প্যানেল।
এখন কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়তে আর বাধা নেই স্বাদে-গন্ধে উৎকৃষ্ট নাবি জাতের (মৌসুমের শেষ দিকে পাকে) এ আমের চাষ সম্প্রসারণে।
‘নতুন আম গৌড়মতি’ শিরোনামে ২০১৩ সালের ১৬ আগস্ট প্রথম আলোর প্রথম পাতায় একটি প্রতিবেদন ছাপা হয়েছিল।
২০১২ সালে প্রথম আমটির খোঁজ পাওয়া যায়। প্রাচীন গৌড় বাংলার অংশ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদের কাছে সীমান্তবর্তী শিয়ালমারা গ্রামের একটি বাগানের একটিমাত্র গাছে পাওয়া গিয়েছিল আমটি। আমচাষি জাহাঙ্গীর আলম কৌতূহলবশত এই আমের প্রতি বিশেষ নজর দেন। ওই বছরের সেপ্টেম্বর মাসে বাজারে কোনো আমই ছিল না। তাঁর গাছটির আমগুলো পাকে সেপ্টেম্বর মাসে। সুস্বাদু সেই আম তিনি বিক্রি করেন ১৬ হাজার টাকা মণ দরে।
খবর পেয়ে সমন্বিত উদ্যান উন্নয়ন প্রকল্প পরের দুই বছর ওই গাছটির আম পর্যবেক্ষণ করে। পর্যবেক্ষণে দেখা যায়, সেপ্টেম্বর সময়ে এত সুস্বাদু জাতের আম আর কোথাও পাওয়া যায় না।
ঐতিহাসিক গৌড় অঞ্চল থেকে ‘গৌড়’ আর মূল্যবান বিবেচনায় ‘মতি’ শব্দটি নিয়ে আমটির নাম দেওয়া হয় গৌড়মতি। উদ্যানতত্ত্ববিদেরা দাবি করেন, প্রকৃতিতে দৈবভাবে ল্যাংড়া ও আশ্বিনা আমের মিলনের (সংকরায়ণ) মাধ্যমে এ জাতের সৃষ্টি হয়েছে। তাঁদের ভাষায় এটিকে চান্স সিডলিং বলা হয়।
বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক উদ্যানবিদ মেহেদি মাসুদ এবং হর্টিকালচার সেন্টারের উপপরিচালক সাইফুর রহমান বলেন, এত দিন একটিমাত্র গাছে গৌড়মতির ফলন হতো। ওই গাছের সায়ন (চারা উৎপাদনের উপযোগী কচি ডগা) নিয়ে চারা কলম উৎপাদন করা হয়েছে। সেই কলম লাগিয়ে এবার চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রাজশাহী ও মাগুরা হর্টিকালচার সেন্টারে দ্বিতীয় প্রজন্মের তিন বছর বয়সী গাছে প্রথম ফলন পাওয়া গেছে। এর মধ্যে বেশি ফলন হয়েছে চাঁপাইনবাবগঞ্জের হর্টিকালচার সেন্টারে। ৫ সেপ্টেম্বর এই আমেরই স্বাদ গ্রহণ করা হয়।
দুই উদ্যানতত্ত্ববিদ বলেন, মাতৃগাছের আমের মতো পুরো গুণাগুণ পাওয়ায় তাঁরা আগামী পাঁচ বছরে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৫০ হাজার গাছ লাগানোর কর্মসূচি নিতে যাচ্ছেন। এ বছরই ৮০ বিঘা জমিতে গৌড়মতির বাগান করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই ১১ বিঘা জমিতে গৌড়মতি গাছ লাগানোর জন্য আগ্রহী চাষিরা তাঁদের জমি প্রস্তুত করে রেখেছেন।
নতুন এই আম দেখতে অনেকটা ল্যাংড়ার মতো; তবে ল্যাংড়া নয়। ল্যাংড়ার চেয়ে মিষ্টি বেশি। এর মিষ্টতা (টিএসএস) ২১-২৫ শতাংশ। সুস্বাদু জাত ল্যাংড়ার মিষ্টতা ১৭ থেকে ১৯ ভাগ এবং ক্ষীরশাপাতির মিষ্টতা ১৯ থেকে ২০ ভাগ। গৌড়মতির ভক্ষণযোগ্য অংশ ৮২ শতাংশ। মানে, এই আমের আঁটি ও খোসা পাতলা। পাকলে হলুদাভের সঙ্গে সিঁদুরে রঙের মিশেল একে আকর্ষণীয় দেখায়। এর ঘ্রাণও চমৎকার। প্রতিটি আমের ওজন ২৫০-৩৫০ গ্রাম।