মাঠে নামলেও সরব নয় সহস্র নাগরিক কমিটি
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের সমর্থনে শত নাগরিক কমিটি হওয়ার পর আওয়ামী লীগ-সমর্থিত দুই প্রার্থীর সমর্থনে সহস্র নাগরিক কমিটি গঠন করা হয়।
১৩ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে লেখক সৈয়দ শামসুল হককে আহ্বায়ক এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছকে সদস্যসচিব করে সহস্র নাগরিক কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। কমিটিতে আছেন বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকেরা। ওই দিনই ঢাকা দক্ষিণে সাঈদ খোকন এবং উত্তরে আনিসুল হককে মেয়র প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়। এর আগে ৮ এপ্রিল এই দুই প্রার্থীর সমর্থনে ঢাকা নাগরিক সমাজ গঠন করা হয়েছিল।
সহস্র নাগরিক কমিটি গতকাল নির্বাচনী প্রচারে নামলেও আওয়ামী লীগের সাংগঠনিক তত্ত্বাবধানেই সাঈদ খোকন ও আনিসুল হকের নির্বাচনী কাজ চলছে। দুই প্রার্থীর প্রচার ও তৎপরতার পুরোভাগে রয়েছেন আওয়ামী লীগের নেতারা। অবশ্য সহস্র নাগরিক কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশের এক দিন আগেই সাঈদ খোকন এ সংগঠনের ব্যানারে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা উত্তর ও দক্ষিণে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে দেওয়া হয়। ঢাকা উত্তরে দলের কৃষিবিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক এবং দক্ষিণে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খানকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া ঢাকার ১৫টি সংসদীয় আসন ধরে আরও ১৫টি কমিটি করা হয়। প্রতিটি কমিটিতে দলের জ্যেষ্ঠ নেতা, সংশ্লিষ্ট সাংসদ এবং কেন্দ্রীয় নেতাদের রাখা হয়েছে।
খোঁজ নিয়ে দেখা গেছে, এসব কমিটির তত্ত্বাবধানেই আনিসুল হক ও সাঈদ খোকনের গণসংযোগ, নির্বাচনী সভা ও প্রচারকাজ চলছে। কোনো নির্বাচনী সভায় সহস্র নাগরিক কমিটির নেতৃত্বস্থানীয় কাউকে দেখা যায়নি।
জানতে চাইলে গোলাম কুদ্দুছ প্রথম আলোকে বলেন, আজ ২০ এপ্রিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাঈদ খোকনের সমর্থনে সুধী সমাবেশ হবে। ২২ এপ্রিল মিরপুর সনি সিনেমা হলের পাশে একটি কমিউনিটি সেন্টারে আনিসুল হকের সমর্থনে সুধী সমাবেশ হবে। তিনি বলেন, আনিসুল হক ও সাঈদ খোকন তাঁদের মনোনীত নন, সমর্থিত প্রার্থী। আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের অন্যান্য দল ও সংগঠনের মতো তাঁরাও এ দুই প্রার্থীকে সমর্থন করেছেন। গোলাম কুদ্দুছ জানান, এরই মধ্যে দুই প্রার্থীর সমর্থনে প্রচারপত্র করা হয়েছে। এগুলো ঘরে ঘরে পৌঁছানোর কাজ শুরু হয়েছে।
পরিচয় প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের দুজন জ্যেষ্ঠ নেতা জানান, আনিসুল হক ও সাঈদ খোকনের প্রতি সব শ্রেণি-পেশার মানুষের সমর্থনের বিষয়টি বোঝানোর জন্যই সহস্র নাগরিক কমিটি গঠন এবং পরে সমর্থন নেওয়া হয়েছে। নির্বাচনী কার্যক্রমের মূল দায়িত্বে থাকবেন আওয়ামী লীগের নেতা-কর্মীরাই।
নির্বাচনী মাঠে সহস্র নাগরিক কমিটির সরব উপস্থিতি না থাকার বিষয়ে জানতে চাইলে আনিসুল হকের নির্বাচন সমন্বয়কারী ফারুক খান প্রথম আলোকে বলেন, তাঁরা মাঠে আছেন। তাঁদের মতো করে তাঁরা প্রচার চালাচ্ছেন।