বিএনপির সমর্থন নিয়ে নির্বাচনের মাঠে নামলেন তাবিথ আউয়াল। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে গতকাল শুক্রবার নির্বাচনী প্রচার শুরু করেছেন তিনি। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর বড় ছেলে তাবিথ কারওয়ান বাজার আম্বর শাহ মসজিদে জুমার নামাজ শেষে আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচারে নামেন।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আনিসুল হকসহ অন্য মেয়র প্রার্থীরাও গতকাল প্রচারণা চালিয়েছেন। আনিসুল হক ও গণসংহতির নেতা মেয়র প্রার্থী জোনায়েদ সাকি আজ শনিবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।
তাবিথ গতকাল আম্বর শাহ মসজিদে খুতবার আগে ইমামের অনুমতি নিয়ে তিনি ‘মেয়র নির্বাচনে কামিয়াব’ হওয়ার জন্য মুসল্লিদের দোয়া চান।
তবে সিটি করপোরেশন (নির্বাচনী আচরণ) বিধিমালা, ২০১০-এর ১২ নম্বর ধারায় বলা হয়েছে, ‘কোন প্রার্থী বা তাহার পক্ষে অন্য কোন ব্যক্তি মসজিদ, মন্দির, গির্জা বা অন্য কোন উপাসনালয়ে কোন প্রকার নির্বাচনী প্রচারণা চালাইতে পারিবেন না।’
জানতে চাইলে ঢাকা সিটি করপোরেশন উত্তরের রিটার্নিং কর্মকর্তা শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘তাবিথ আউয়াল মসজিদে কীভাবে দোয়া চেয়েছেন, তা আমরা খতিয়ে দেখছি। এতে যদি নির্বাচনের আচরণবিধির লঙ্ঘন হয়, তাহলে নির্বাচন কমিশন বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে।’
বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ মাহফিলে যোগ দেন তাবিথ। এরপর তাবিথ বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করতে তাঁদের বাসায় যান। বিকেল পর্যন্ত তিনি কারওয়ান বাজার-নাখালপাড়া এলাকায় গণসংযোগ করে ব্যস্ত সময় কাটান। সন্ধ্যায় আদর্শ ঢাকা আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন।
আনিসুল হক গতকাল শুক্রবার সকালে অনলাইনভিত্তিক নাগরিক প্ল্যাটফর্ম আমরা ঢাকার আয়োজনে অনুষ্ঠিত ‘তারুণ্যের চোখে ঢাকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় যোগ দেন। সেখানে তিনি বলেন, ‘দীর্ঘ ২৫ বছর সংগ্রাম করে এই অবস্থানে এসেছি। ২৫ বছরের অর্জন পাঁচ বছরে নষ্ট হতে দিতে পারি না। বরং জনগণকে সঙ্গে নিয়ে অর্জন করতে পারি আরও অনেক কিছু।’
এর আগে সকালে উত্তরা থেকে নির্বাচনী প্রচারের কাজ শুরু করেন আনিসুল হক। শেষে বিকেলে পল্লবীতে পথসভায় অংশ নেন। এখানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ্।
আনিসুল হক আজ বেলা ১১টায় খিলক্ষেতের লোটাস কামাল টাওয়ারে ‘সমস্যা চিহ্নিত, এবার সমাধানযাত্রা’ শীর্ষক তাঁর ইশতেহার সাংবাদিকদের সামনে তুলে ধরবেন। বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে জোনায়েদ সাকি তাঁর ইশতেহার তুলে ধরবেন।
আনিসুল হকের নির্বাচনী প্রচার সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় ক্রিকেট দলকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে থাকবেন আনিসুল হক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সংবর্ধনার আয়োজন করেছে।
সকালে মেরুল বাড্ডা এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন গণসংহতির নেতা মেয়র প্রার্থী জোনায়েদ সাকি। এরপর তিনি মিরপুর ১১ নম্বর এলাকায় প্রচারণা চালান।
সিপিবি-সমর্থিত প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফি গতকাল মিরপুরের পল্লবী ঈদগাহ মাঠ, কালশী ও বাড্ডা-রামপুরা এলাকায় প্রচারণা চালান।