মাঠে নির্মাণসামগ্রী, মেশিনের শব্দে পাঠদানে বিঘ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নে মজুরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সড়ক নির্মাণের সামগ্রী রাখা হয়েছে। ধুলাবালি, মেশিনের শব্দ ও ধোঁয়ায় শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। ছবিটি গত শনিবার সকালে তোলা l প্রথম আলো
ফরিদপুর বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নে মজুরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সড়ক নির্মাণের সামগ্রী রাখা হয়েছে। ধুলাবালি, মেশিনের শব্দ ও ধোঁয়ায় শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। ছবিটি গত শনিবার সকালে তোলা l প্রথম আলো

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের মজুরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে সড়ক নির্মাণ করার সামগ্রী রাখার অভিযোগ পাওয়া গেছে। মাঠে মেশিন দিয়ে পাথর, বালু ও বিটুমিন মেশানোর কাজ চলছে। ফলে শব্দে শিক্ষার্থীদের পাঠদান বিঘ্নিত হচ্ছে।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে মজুরদিয়া-কামালদিয়া সড়কের এক কিলোমিটার অংশে কার্পেটিংয়ের জন্য ওই কাজ চলছে। এটি স্থানীয় সাংসদ আবদুর রহমানের বাড়ি যাওয়ার রাস্তা। এস বি কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে।
এস বি কনস্ট্রাকশনের ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, ‘বুধবার থেকে আমরা কাজ শুরু করেছি। স্কুলে বলেছি কোনো ক্ষতি হলে আমরা ঠিক করে দেব।’
তবে বিদ্যালয়টির প্রধান শিক্ষক খন্দকার আবদুল মান্নান বলেন, ‘কে বা কারা এ কাজ করছে জানি না। বৃহস্পতিবারে স্কুল বন্ধ করে বাড়িতে গেছি, শনিবার সকালে এসে দেখি এ অবস্থা। প্রচণ্ড শব্দ ও ধোঁয়ায় স্কুলে পাঠদান তো দূরের কথা বসারও পরিবেশ নেই। দারুণ সংকটে আছি।’

তৃতীয় শ্রেণির ছাত্রী ইমা খাতুন, সোহাগী খাতুন ও ইয়াসমিন আরা বলেন, ‘শব্দ ও ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসে। স্যারেরা কী পড়ায় কিছুই শুনতে পারি না। কিছুক্ষণ পরপরই বই-খাতার ধুলা ঝাড়তে হয়।’

পঞ্চম শ্রেণির ছাত্র কামরুল মোল্লা ও চতুর্থ শ্রেণির জসীম শেখ বলেন, ‘নির্মাণসামগ্রী রাখায় মাঠে খেলাধুলা করতে পারছি না।’

সহকারী শিক্ষক ফাতেমা খাতুন বলেন, ‘মাঠে নির্মাণসামগ্রী ফেলার সময়ই আমরা বাধা দিয়েছিলাম। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, সরকারি কাজ সরকারি স্কুলে হচ্ছে সমস্যা কী।’

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল কাশেম মাতুব্বর বলেন, ‘আমরা কাজ না করার জন্য ঠিকাদারকে বাধা দিয়েছিলাম। কিন্তু তারা জানিয়েছে, সাংসদ আবদুর রহমানের বাড়িতে যাওয়ার রাস্তার কাজ হচ্ছে। এ এলাকায় আর খোলা জায়গা নেই। তাই স্কুলের মাঠ ব্যবহার করা হচ্ছে।’

স্থানীয় পলাশ শেখ বলেন, ‘ধোঁয়া আর শব্দে নাস্তানাবুদ হয়ে পড়েছি। কবে এ বিপদ থেকে উদ্ধার পাব, সেই দিন গুনছি। বাড়িতেও থাকতে পারছি না।’

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ বলেন, ‘এমপি সাহেবের বাড়ির রাস্তা। সামান্য সময়ের জন্য কাজ। তবে জানার পর দ্রুত কাজ শেষ করতে বলেছি।’