মাঠে নেই আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা মাঠে নেই। তাই উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে দেখা দিয়েছে স্থবিরতা। স্থানীয় আওয়ামী লীগের নেতা ইকবাল আজাদ হত্যাকাণ্ডের জেরে গত চার মাস ধরে আওয়ামী লীগের এ অবস্থা চলছে বলে জানা গেছে।মামলা থেকে জানা যায়, গত বছরের ২১ অক্টোবর উপজেলা সদরে দলীয় কোন্দলে নিহত হন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদ। ঘটনার পরদিন তাঁর ছোট ভাই এ কে এম জাহাঙ্গীর আজাদ বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম, সহসভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, যুগ্ম সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, যুবলীগের আহ্বায়ক মাহফুজ আলী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুল আসাদ, সদর ইউপি আওয়ামী লীগের সম্পাদক মো. ইসমত আলীসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও আট থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরই ওইসব নেতা-কর্মী গা ঢাকা দেন। দুই মাস পর পুলিশ এজাহারভুক্ত ২২ নেতা-কর্মীসহ ২৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বর্তমানে ২৬ জন নেতা-কর্মী জেলহাজতে রয়েছেন। দলের দায়িত্বশীল ব্যক্তিরা জানান, ইকবাল আজাদ হত্যার পর উপজেলা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডেই শুধু স্থবিরতা দেখা দেয়নি, নেতৃত্বেও শূন্যতা দেখা দিয়েছে। চার মাস ধরে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মসূচি দেখা যায়নি। এমনকি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও পুষ্পস্তবক অর্পণ করেনি উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রাশেদ প্রথম আলোকে বলেন, বর্তমান পরিস্থিতিতেও এখানে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো কর্মসূচি পালন করা যাচ্ছে না।