মাঠে নেই নজরদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>দখল আর দূষণে হারিয়ে যাচ্ছে ঢাকার খেলার মাঠ। উত্তর ও দক্ষিণ—দুই সিটি করপোরেশনের নিজেদের মাঠগুলোতে কোনো নজরদারি নেই বললেই চলে। মেলা, বড় বড় নির্মাতা প্রতিষ্ঠানের যন্ত্রপাতি রাখা, কোরবানির পশুর হাটসহ নানাভাবে মাঠগুলো ব্যবহৃত হয়। ঢাকার মাঠ নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব
মাঠ না জলাশয় বোঝার উপায় নেই। পরিচর্যা না করায় মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা মাঠের বেহাল দশা l প্রথম আলো
মাঠ না জলাশয় বোঝার উপায় নেই। পরিচর্যা না করায় মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা মাঠের বেহাল দশা l প্রথম আলো

ঢাকার দুই সিটি করপোরেশনের তত্ত্বাবধানে থাকা প্রায় প্রতিটি মাঠ ঘুরে দেখা গেছে, কয়েকটি মাঠ শুধু নামেই মাঠ। ঘাস নেই, অসমতল ভূমিতে পড়ে আছে ইট-কাঠসহ নির্মাণসামগ্রী। কয়েকটির সীমানাপ্রাচীরও নেই। মেলা, কোরবানির পশুর হাটসহ নানাভাবে হয় মাঠগুলোর যত্রতত্র ব্যবহার। মাঠে সিটি করপোরেশনের কোনো নজরদারি নেই। নগর পরিকল্পনাবিদেরা বলছেন, দুই সিটি করপোরেশনের সুশাসনের অভাবেই মাঠের এমন দুর্দশা।
প্রায় মাঠহীন এই নগরে লাখো শিশু-কিশোরের মাঠের সীমা যখন বাসাবাড়ির চৌহদ্দি, তখন এই দুই সিটি করপোরেশনের দুটো বড় মাঠ আজ কয়েক বছর ধরে উন্নয়নকাজের নামে ঠিকাদারি সংস্থার কাছে বন্দী। সেগুলোর উদ্ধারে নেই কোনো তৎপরতা। উপরন্তু চলছে নতুন করে বন্দোবস্ত দেওয়ার চেষ্টা। এই দুটি হলো পুরান ঢাকার গোলাপবাগ মাঠ ও সিদ্ধেশ্বরী বালক উচ্চবিদ্যালয়ের মাঠ।
সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ খেলার মাঠের গ্যালারির সামনে আবর্জনার স্তূপ। এক পাশে বেশ কিছু ডাস্টবিন রাখা। লালবাগ মরহুম দেলোয়ার হোসেন খেলার মাঠের ফটকের কোনো পাল্লা নেই। মাঠের প্রায় অর্ধেক জুড়ে কাদা। এক অংশে প্লাস্টিক ব্যাগ শুকাতে দেওয়া হয়েছে। আর প্রবেশপথের ডান অংশে আবর্জনার স্তূপ। দেয়াল ভাঙা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাঠে। এটি অসমতলও।
সাদেক হোসেন খেলার মাঠজুড়েও কাদা। আড়াআড়িভাবে অনেকগুলো নালাও কাটা হয়েছে। এই মাঠে খেলতে আসা কিশোর আল আপন বলে, কোরবানির সময় গরুর হাট বসার পর থেকেই মাঠটির এই দশা। খিলগাঁও মাঠের পূর্ব পাশের দুটি বহুতল ভবন থেকে ফেলা আবর্জনায় মাঠের এক অংশ নোংরা হয়ে আছে।
জাকির হোসেন রোডের মাঠের বিশ্রামের বেঞ্চগুলো বেশ নোংরা। ছড়িয়ে-ছিটিয়ে বিভিন্ন অংশে বাঁশের স্তূপ রাখা। মাঠটির উন্নয়নে ১৯৯২ সালে একবার বরাদ্দ দেওয়া হলেও পরে আর কোনো অর্থ দেয়নি সিটি করপোরেশন, বলেন জাকির হোসেন ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
মাঠ রক্ষা আন্দোলনের সঙ্গে আছেন পুরান ঢাকার বাসিন্দা জাভেদ জাহান। বললেন, ‘আমরা রাস্তায় দাঁড়িয়ে মাঠ রক্ষার কথা বলে যাচ্ছি। সেটি কারও চোখে পড়ে না। সিটি করপোরেশনে কার কাছে গিয়ে অভিযোগ জানাবে তাও তো মানুষ জানে না।’
মাঠের যথেচ্ছ ব্যবহার হচ্ছে, সে বিষয়ে সিটি করপোরেশন একবারে নিশ্চুপ। এর একটি উদাহরণ ধানমন্ডি খেলার মাঠ। ক্ষমতার দাপট দেখিয়ে দুই বছর ধরে মাঠে সাধারণ মানুষকে ঢুকতেই দেয়নি ক্লাব কর্তৃপক্ষ। পরিবেশবাদীদের তীব্র আন্দোলনের মুখে মাঠটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার নির্দেশ দেয় দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এরপর এখানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ পালন করে কর্তৃপক্ষ। তবে নতুন স্থাপনার মধ্যে অর্ধেক না ভেঙেই তারা ক্ষান্ত দেয়।
বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক সারোয়ার জাহান প্রথম আলোকে বলেন, ঢাকা শহর অপরিকল্পিত, এখানে পর্যাপ্ত মাঠই নেই। যেগুলো আছে সেগুলোর রক্ষণাবেক্ষণে সিটি করপোরেশনের কোনো কিছু করে না।
সিটি করপোরেশনের নিয়ন্ত্রণহীন মাঠের কয়েকটিতে সন্ধ্যায় জমে ওঠে মাদকের ব্যবসা। এই প্রতিবেদক মোহাম্মদপুরের শহীদ পার্ক খেলার মাঠে সন্ধ্যাবেলায় গাঁজা ও ফেনসিডিলের বিক্রি করতে দেখেছেন। মাঠের উত্তর-পশ্চিম কোণে জুয়ার আড্ডা বসে।
খেলার মাঠের দুরবস্থা সিটি করপোরেশনের অব্যবস্থাপনার চিত্রকে তুলে ধরে বলে মন্তব্য করেন নগরবিদ অধ্যাপক নজরুল ইসলাম। তিনি বলেন, ‘মাঠ থাকল কী থাকল না, এটি নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই। সিটি করপোরেশনের লোকজন নিজেদের সম্পত্তি রক্ষা করতেও আগ্রহী নয়। ভাবটা এমন, সরকারের সম্পদ গেলে যাক না। আমার তো কোনো ক্ষতি হচ্ছে না। সুশাসনের তীব্র অভাবেই এমন হয়।’
এ বিষয়ে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল বলেন, ‘চাহিদাভিত্তিক সমস্যাগুলো নিয়ে বেশি ব্যস্ত থাকার জন্য মাঠের দিকে দৃষ্টি দিতে পারি না। মাঠের দুরবস্থা নিয়ে কথা শুনি। কিন্তু কেউ তো এসব নিয়ে কোনো অভিযোগ আমাদের কাছে করে না।’