
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্মাণকাজের বিটুমিন ও কয়লা পোড়ানো হচ্ছে। এ ছাড়া মিক্সচার মেশিনের বিকট শব্দের কারণে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ব্যাহত হচ্ছে।
বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মাহমুদ হাসান জানায়, শনিবার থেকে তাদের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। রোববার ছিল তাদের ইংরেজি পরীক্ষা। কিন্তু মাঠের মধ্যে খুব শব্দ হওয়ায় কান ঝালাপালা হয়ে যায়। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আজমির শেখ ও আলিফ শেখসহ একাধিক শিক্ষার্থী জানায়, আগুন থেকে ধোঁয়া ও গন্ধ বের হচ্ছে। এ ছাড়া মাঠে বালু ও খোয়া রাখায় হাঁটাচলা করতেও নানা সমস্যা হয়। আর অনেক দিন খেলাধুলাও করা যাচ্ছে না।
ওই নির্মাণকাজের ঠিকাদার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর মোল্লা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২৩ শতক জমিতে ১৯৭০ সালে বিদ্যালয়টি স্থাপন করা হয়। একটি পাকা ও একটি আধা পাকা ভবনের বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৩১৮। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানটির পাসের হার শত ভাগ। বিদ্যালয়ে সাতজন শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষককে দুই বছর আগে বদলি করা হয়। আরেকজন শিক্ষক প্রেষণে অন্যত্র কর্মরত এবং একজন বদলি হয়ে গেছেন। এখন চারজন শিক্ষক কর্মরত রয়েছেন।
বালিয়াকান্দি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, বৃহত্তর ফরিদপুর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এক কিলোমিটার রাস্তা পাকা করা হচ্ছে। ৫৫ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা মূল্যের কাজের দায়িত্ব পান আলমগীর মোল্লা। বহরপুর থেকে আড়কান্দি রাস্তার পাটুরিয়ায় এই কাজ করা হচ্ছে।
সরেজমিনে গত রোববার সাড়ে ১২টার দিকে দেখা যায়, দুই পাশে রাস্তার মাঝখানে বিদ্যালয়ের ছোট্ট একটুখানি মাঠ। এতে রাখা হয়েছে বালু, খোয়া, পাটকাঠি ও অন্যান্য উপকরণ। মাঠের মধ্যে বড় বড় চুলায় বিটুমিন পোড়ানো হচ্ছে। বিদ্যালয়ের ভবনের মাঝে একটি কাপড় টাঙানো হয়েছে। শ্রেণিকক্ষগুলোতে বিটুমিন পোড়ানোর গন্ধ ও ধোঁয়া ভেসে আসছে। কাজের সঙ্গে জড়িত কয়েকজন মুখে মাস্ক পরে আছেন। বিদ্যালয় মাঠের শ্রমিকদের জন্য খাবার রান্না করছেন একজন নারী।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক উত্তমকুমার দাস জানান, গত বুধবার রাত তিনটার দিকে আগুন ধরে যায়। পরে শ্রমিক ও স্থানীয় ব্যক্তিরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন বিদ্যুতের তার স্পর্শ করলে বিদ্যালয় পুড়ে যাওয়ার আশঙ্কা ছিল। পরে সবাই বৈঠক করে কাপড় টাঙিয়ে দিয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া ফেরদৌসী জানান, বিদ্যালয় মাঠে প্রথমে এক ট্রাক বালু ফেলা হয়। এ সময় ঠিকাদারের লোকেরা কয়েক দিন পর বালু সরিয়ে নেবেন বলে কথা দিয়েছিলেন। পরে খোয়া, বিটুমিন, পাটকাঠিসহ রাস্তা নির্মাণকাজের বিভিন্ন উপকরণ আনা হয়। চলতি মাসের প্রথমে কাজ শুরু করে।
নির্মাণকাজের ঠিকাদার আলমগীর মোল্লা বলেন, ‘রাস্তার পাশে সুবিধামতো জায়গা নেই। তাই জায়গা না পেয়ে স্কুলের মাঠে কাজ করছি। এতে খুব একটা সমস্যা হচ্ছে না।’
রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশীল কুমার রায় জানান, এতে প্রধানত বায়ু দূষিত হচ্ছে। দূষিত বায়ু শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করলে হাঁপানি ও অ্যাজমা রোগীদের রোগ আরও বাড়বে। অপরদিকে দীর্ঘমেয়াদি নানা রোগের মধ্যে ক্যানসার ও ফুসফুসে বিভিন্ন সমস্যা হতে পারে।
এলজিইডির বালিয়াকান্দি উপজেলা প্রকৌশলী তপন সাহা গত রোববার বলেন, ‘আজ দুপুর ১২টার দিকে কাজ শেষ হয়ে গেছে।’ তাহলে দুপুর সাড়ে ১২টার দিকে কাজ চলমান দেখলাম কীভাবে—জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আজ কাজের সাইডে যাইনি। হয়তোবা যান্ত্রিক কোনো ত্রুটি হতে পারে।’