মাঠে ফসল, গণসংযোগ নিয়ে বিপাকে প্রার্থীরা
বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচন ৩০ ডিসেম্বর। প্রার্থীরা গণসংযোগ করছেন। তবে মৌসুমের এই সময়ে আলুখেতের পরিচর্যা চলায় কৃষকেরা সকাল থেকে ব্যস্ত সময় কাটাচ্ছেন খেতে। ফলে গণসংযোগ করতে সন্ধ্যার পর তাঁদের বাড়ি যেতে হচ্ছে প্রার্থীদের।
সাত-আটজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন আলুখেতের পরিচর্যার উপযুক্ত সময়। এদিকে আবার খেত থেকে কপি তোলার মৌসুম যাচ্ছে। এ জন্য অনেক ভোটার সকাল হতে না হতেই খেতে চলে যাচ্ছেন। ফলে মহল্লায় গণসংযোগে গিয়ে আশানুরূপ লোক পাওয়া যাচ্ছে না বলে জানান প্রার্থীরা।
শব্দলদীঘি মহল্লার চাষি বকুল মিয়া বলেন, ‘আলু চাষের জন্য ৩০ হাজার টাকা ঋণ নিয়েছি। ভালোভাবে আবাদ করতে না পারলে সর্বনাশ হয়ে যাবে। তাই ভোটের কথা শোনার সময় নাই।’
বেড়াবাল মহল্লার মোবারক আলী বলেন, ‘কপি এখনো খেতে রয়েছে। কপি তুলে খেত কী করা যায় তা ভাবছি। এসব করতে রীতিমতো ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হচ্ছে। সময়মতো খেতেও পারছি না। ভোটের কথা পরেও ভাবা যাবে।’
১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মফিজ উদ্দিন বলেন, ‘আলুখেতে পরিচর্যাসহ বিভিন্ন ধরনের সবজি তোলার কাজে লোকজন দিনে ব্যস্ত থাকেন। ওই সময় মানুষের দেখা পাওয়া কঠিন হয়ে পড়েছে। এ কারণে সন্ধ্যার পর গণসংযোগে নামছি।’