বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচন ৩০ ডিসেম্বর। চারদিকে প্রার্থীরা গণসংযোগ করছেন। তবে মৌসুমের এই সময়টিতে আলুখেতের পরিচর্যা চলায় কৃষকেরা সকাল থেকে ব্যস্ত সময় কাটাচ্ছেন খেতে। ফলে গণসংযোগ করতে সন্ধ্যার পর তাঁদের বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা।
সাত-আটজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন আলুখেতের পরিচর্যার উপযুক্ত সময়। এদিকে আবার খেত থেকে কপি তোলার মৌসুম যাচ্ছে। এ জন্য অনেক ভোটার সকাল হতে না হতেই খেতে চলে যাচ্ছেন। দিনরাত পরিশ্রম করতে হচ্ছে তাঁদের। ফলে মহল্লায় গণসংযোগে গিয়ে আশানুরূপ লোক পাওয়া যাচ্ছে না বলে জানান প্রার্থীরা।
শব্দলদীঘি মহল্লার চাষি বকুল মিয়া বলেন, ‘আলু চাষের জন্য ৩০ হাজার টাকা ঋণ নিয়েছি। ভালোভাবে আবাদ করতে না পারলে সর্বনাশ হয়ে যাবে। তাই ভোটের কথা শোনার সময় নাই।’
১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মফিজ উদ্দিন বলেন, ‘লোকজন দিনে ব্যস্ত থাকেন। এ কারণে সন্ধ্যার পর গণসংযোগে নামছি।’
নাম প্রকাশ না করার শর্তে এক মেয়র পদপ্রার্থী বলেন, কর্মী-সমর্থকদের মাঠেও ফসল পড়ে রয়েছে। তাই তাঁরা ওই কাজে ব্যস্ত। ইচ্ছে থাকলেও অনেকেই আসতে পারছেন না। এতে প্রচারে যথেষ্ট বেগ পেতে হচ্ছে প্রার্থীদের।