মাঠে বিদ্যুতের তার, গাছে মিটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যালয় মাঠের দু-তিন ফুট উঁচুতে বিদ্যুতের লাইন। যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
বিদ্যালয় মাঠের দু-তিন ফুট উঁচুতে বিদ্যুতের লাইন। যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

রাজবাড়ীর কালুখালী উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের ওপর িদয়ে বিদ্যুতের তার ও বিদ্যালয়ের গাছে মিটার বসিয়ে অবৈধভাবে বিদ্যুৎ-সংযোগ নেওয়া হয়েছে। উপজেলার ভান্ডারকোলা গ্রামের বাসিন্দারা ওই সংযোগ নিয়েছেন। এতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক ও অভিভাবকেরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, জেলার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে কালুখালীর হামরাট সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি। বিদ্যালয়টি ১৯১৪ সালে ৫৭ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত হয়। এ বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ৪৮৩ জন। এ ছাড়া এখানে ১০ জন শিক্ষকসহ দুজন কর্মচারী কর্মরত রয়েছেন। বিদ্যালয়ের সমাপনী পরীক্ষায় পাসের হার শতভাগ। গত বছরের সমাপনী পরীক্ষায় বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১০ জন শিক্ষার্থী। একাধিকবার উপজেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এটি পুরস্কার পেয়েছে। ২০১২ সালে এ বিদ্যালয়ের মাঠের ওপর দিয়ে বিদ্যুতের তার টাঙানো হয়। এ সময় বিদ্যালয়ের দেয়ালে বিদ্যুতের মিটার লাগিয়ে ব্যবহার করতেন ভান্ডারকোলা গ্রামের বাসিন্দারা। বছর খানেক আগে বিদ্যুতের মিটারটি বিদ্যুতের দেয়াল থেকে সরিয়ে বিদ্যালয়ের মেহগনিগাছের সঙ্গে টাঙানো হয়। এতে শিক্ষার্থীদের টয়লেটে যেতে সমস্যা হচ্ছে। বাধ্য হয়ে টয়লেটে যাওয়ার রাস্তা পরিবর্তন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে সমাবেশ (অ্যাসেম্বলি) করছে। মাঠের দুই-তিন ফুট উঁচুতে শিক্ষার্থীদের বুকের কাছ দিয়ে ঝুলছে বিদ্যুতের তার। সমাবেশ শেষে তারের মাঝখান দিয়েই শিশুরা খেলাধুলা ও ছোটাছুটি করছে। বিদ্যালয়ের মেহগনিগাছের সঙ্গে ঝুলছে বিদ্যুতের মিটার।
বিদ্যালয়ের শিক্ষার্থী নয়ন ইসলাম, মাহবুব ফকীর, মেহেদী হাসানসহ অন্যান্য শিক্ষার্থীরা বলে, ‘মাঠে বিদ্যুতের তার থাকায় আমরা খেলাধুলা করতে পারি না। বিদ্যালয়ে এসে আমাদের সারাক্ষণ ক্লাসে বসে থাকতে হয়। আমাদের খেলার মাঠ এমনিতেই খুব ছোট। এ ছাড়া বর্ষার সময় পানি জমে যায় বিদ্যালয়ের মাঠে। এতে আমাদের সব সময় খুব ভয় করে। আমরা চাই মাঠ থেকে তার সরিয়ে নেওয়া হোক।’
একাধিক অভিভাবক বলেন, বিদ্যুতের তারের জন্য আমরা সব সময় আতঙ্কে থাকি। কিন্তু ওই অঞ্চলের মানুষ খুবই দুষ্ট প্রকৃতির হওয়ায় তাঁদের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করে না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীরা খানম বলেন, বিদ্যালয়ে মাঠের অর্ধেক অংশ নিচু। এতে বর্ষায় পানি জমে। এ ছাড়া মাঠের মধ্যে বিদ্যুতের তার ঝুলে থাকায় শিশুরা ঠিকমতো খেলাধুলা করতে পারে না।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফজলুর রহমান বলেন, ‘আমাদের মতামতের তোয়াক্কা না করেই বিদ্যুতের তার টাঙানো হয়। বিভিন্ন সময় আমরা বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে সমস্যা সমাধানের জন্য অনুরোধ জানিয়েছি। কোনো লাভ হচ্ছে না।’
উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নৃপেন্দ্রনাথ সরকার বলেন, ‘কালুখালীর ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যার বিষয়টি কয়েক দিন আগে জানতে পেরেছি। জানার পর সমস্যা সমাধানে প্রধান শিক্ষক ও বিদ্যুৎ বোর্ডের সঙ্গে আলাপ করেছি।’
কালুখালী উপজেলার বিদ্যুতের কার্যালয় পাশের পাংশায় অবস্থিত। এ ব্যাপারে জানতে চাইলে পাংশা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী ইদ্রিস আলী মোল্লা বলেন, ‘আমি দুই মাস ধরে পাংশায় যোগদান করেছি। ওই অঞ্চলে আগেই অনেকে অবৈধ সংযোগ নিয়েছেন। প্রকৃত সংখ্যা আমি বলতে পারব না।’ তাঁদের বিরুদ্ধে দুই মাসেও কোনো ব্যবস্থা নেননি কেন জানতে চাইলে তিনি বলেন, ‘সমস্যা অনেক বিস্তারিত এখন বলতে পারব না।’