মাঠে বেলুন উড়িয়ে শুরু হলো জাতীয় গণিত উত্সব

ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে বেলুন উড়িয়ে ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উত্সবের উদ্বোধন করা হয়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান নিয়ে আজ শুক্রবার ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে শুরু হয়েছে ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উত্সব ২০২২’। সকাল পৌনে নয়টার কিছু পরেই উত্সবের উদ্বোধন করেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের উপাধ্যক্ষ ব্রাদার ভিক্টর বিকাশ ডি রোজারিও। মাঠে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক ও গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান
ছবি: প্রথম আলো

উদ্বোধনী পর্বে পর্দায় জাতীয় সংগীত বাজানো হয়। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক ও গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।

গণিত উৎসবে শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই উৎসবের আয়োজন করেছে। আয়োজকেরা জানান, স্বাস্থ্যবিধি মেনে গণিত উৎসবে অংশ নেবে শিক্ষার্থীরা। সবাইকে মাস্ক পরে অনুষ্ঠানস্থলে আসতে নির্দেশনা দেওয়া হয়েছে।

উৎসবে গণিতের পরীক্ষা পর্ব ছাড়াও রয়েছে গণিতের পটগান, সুডোকু ও রুবিকস কিউব প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনেকটা বাধ্য হয়ে গত দুই বছর গণিত উৎসবের আয়োজন করতে হয়েছে অনলাইনে। করোনার সংক্রমণের কারণে ঘরের মধ্যেই কম্পিউটার টেবিলের সামনে বসে অনলাইনে উৎসবে অংশ নিয়েছিল শিক্ষার্থীরা। এখন পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে আসায় আগের মতোই খোলা মাঠে দল বেঁধে উচ্ছ্বাস-আনন্দে উৎসবে শামিল হওয়ার সুযোগ এসেছে শিক্ষার্থীদের সামনে।

এবার গণিত অলিম্পিয়াডে অংশ নিতে অনলাইনে ৪১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিল। তাদের তিনটি ধাপের (অনলাইনে) প্রতিযোগিতায় অংশ নিতে হয়েছে। বাছাই অলিম্পিয়াড, আঞ্চলিক অলিম্পিয়াড ও বিভাগীয় অলিম্পিয়াড প্রতিযোগিতা শেষে টিকে থাকে ৯০৯ জন শিক্ষার্থী। এই শিক্ষার্থীরাই জাতীয় গণিত উৎসবে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।

উৎসবে গণিতের পরীক্ষা পর্ব ছাড়াও রয়েছে গণিতের পটগান, সুডোকু ও রুবিকস কিউব প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।

গণিত উৎসবে শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো

বিকেলে উৎসবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক মুনিবুর রহমান চৌধুরী, কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন, প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ দেশবরেণ্য গণিতবিদ, বিজ্ঞানী ও গবেষকেরা।