মাঠে মাঠে সেচের জন্য হাহাকার
সেচসংকটের কারণে বিভিন্ন স্থানে বোরোর ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জমির মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ধানের চারা শুকিয়ে মরে যাচ্ছে। বৃষ্টি না হওয়ায় পানির স্তর নিচে নেমে এ সমস্যা দেখা দিয়েছে। হতাশ কৃষকেরা যেকোনো উপায়ে দ্রুত পানি সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:শরীয়তপুর: জেলা কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে শরীয়তপুরে ৩০ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সেচের জন্য জেলায় বিদ্যুত্চালিত গভীর নলকূপ রয়েছে ১৯টি, অগভীর নলকূপ ৮৭৯টি, নদী-খাল-জলাশয় থেকে সেচ দেওয়ার জন্য পাম্প আছে ৭৭০টি। এ ছাড়া ডিজেলচালিত গভীর নলকূপ ১২টি, অগভীর নলকূপ তিন হাজার ৫৬৬টি, নদী-খাল-জলাশয় থেকে ডিজেলচালিত পাম্প রয়েছে এক হাজার ৯৮০টি।কৃষকেরা জানান, অধিকাংশ কৃষি ব্লকেই বিদ্যুত্সংযোগ নেই। সেচের জন্য কৃষকদের স্থানীয় ছোট ছোট খাল, অগভীর ও গভীর নলকূপের ওপর নির্ভর করতে হয়। প্রতিবছর এ সময় খালে পানি থাকলেও এবার জানুয়ারির শেষ সপ্তাহেই অধিকাংশ খাল শুকিয়ে গেছে। ফলে খালের পানি দিয়ে সেচ দেওয়া যাচ্ছে না। আবার নলকূপ দিয়ে মাটির অনেক গভীর থেকে পানি তুলতে খরচও পড়ছে অনেক বেশি। এ ছাড়া সীমিত নলকূপ দিয়ে সব জমিতে সঠিকভাবে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে অনেক জমির মাটি ফেটে ধানের চারা শুকিয়ে যাচ্ছে। স্থানীয় কৃষি কর্মকর্তারাও পানির সমস্যা সমাধানে করণীয় কিছু বলতে পারছেন না। ফলে দিন দিন হতাশ হয়ে পড়ছেন এ অঞ্চলের কৃষকেরা।শরীয়তপুর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক গোপাল চন্দ্র রায় জানান, বৃৃৃৃৃষ্টি না হওয়ায় পানির স্তর নিচে নেমে গেছে। তাই খালগুলোতে পর্যাপ্ত পানি নেই। ভরাট হয়ে যাওয়া খালগুলো সংস্কার করা হলে কৃষকদের সমস্যা অনেকটা লাঘব হবে। বিদ্যুত্ বিভাগ কৃষকদের সেচের জন্য নতুন সংযোগ দিলে আর কোনো সমস্যা থাকবে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): পর্যাপ্ত পানির অভাবে উপজেলার সরফভাটা ইউনিয়নের জয়নগর বিলে বোরো চাষ করতে পারছেন না কৃষকেরা। চাষাবাদের জন্য বসানো গভীর নলকূপ থেকে পানি উঠছে না। কৃষকেরা সেচ প্রকল্প চালুর মাধ্যমে বিলে পানি সরবরাহের দাবি জানিয়ে গত ১৫ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন জানান জানান, পানি লবণাক্ত হওয়ায় বিলের একটি গভীর নলকূপ বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য নলকূপটির পানি পরীক্ষা করা হচ্ছে। লবণাক্ততা ধরা পড়লে সেটিও বন্ধ করে দেওয়া হবে। রায়পুর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নের প্রায় দেড় হাজার হেক্টর জমিতে বোরো ধান সেচের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। ৩০০ হেক্টরে আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। চাঁদপুর সেচ প্রকল্পের (সিআইপি) সংযোগ খালগুলোতে পানি না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী ফয়জুর রব মুঠোফোনে জানান, জলবায়ু পরিবর্তনের কারণে মেঘনা ও ডাকাতিয়া নদীর পানির স্তর এক ফুটের বেশি কমে গেছে। এতে সেচ প্রকল্পে প্রয়োজনমতো পানি সরবরাহ করা যাচ্ছে না। রামগঞ্জ এলাকার কিছু সংযোগখাল পানিশূন্য হয়ে পড়েছে। ভৈরব: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার অধিকাংশ হাওরের সেচপাম্প চলে না। এ কারণে উপজেলায় টানা দুই সপ্তাহ ধরে সেচ না দেওয়ায় বোরোক্ষেত নষ্ট হতে চলেছে। বিএডিসির হিসাবমতে, নদী থেকে পানি তুলতে না পারায় বর্তমানে প্রায় ১২ হাজার একর জমি সেচ কার্যক্রমের বাইরে রয়েছে। এরই মধ্যে ধানক্ষেতের স্বাভাবিক বেড়ে ওঠা ও ফলন দেওয়ার ক্ষমতা অনেকটা নষ্ট হয়ে গেছে। কোনো উপায়ে আর এক সপ্তাহের মধ্যে পানি দেওয়া না গেলে ফলন আর ঘরে তোলা সম্ভব হবে না।অষ্টগ্রাম বিএডিসির উপসহকারী প্রকৌশলী আ. লতিফ বলেন, প্রতিটি সেচ এলাকা থেকে পানি অনেক দূরে চলে গেছে। এ কারণে হাওরের সব সেচপাম্প বন্ধ হয়ে যাচ্ছে। দ্রুত নদী খনন করে হাওরের কাছে পানি নিয়ে আসা ছাড়া কোনো বিকল্প নেই। তা ছাড়া জোয়ার এলে অথবা বৃষ্টি হলেই কেবল এবার ফসল রক্ষা হতে পারে।