রাজশাহী নগরের কালেক্টরেট মাঠে আগামী মাসের মাঝামাঝি বাণিজ্য মেলার উদ্বোধন করা হবে। এ জন্য এখনই এ মাঠে মেলা কমিটির পক্ষ থেকে স্টল নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এ নিয়ে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
তাঁরা বলছেন, সারা বছর এই মাঠ ছাড়া তাঁদের অনুশীলনের কোনো জায়গা নেই। মেলা অন্য কোথাও করা হোক।
প্রতিবছরের মতো এবারও রাজশাহী শিল্প ও বণিক সমিতির পক্ষ থেকে বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে। গত বছর রাজশাহীতে মুক্তিযোদ্ধা স্মৃতি জেলা স্টেডিয়ামে এই মেলার আয়োজন করা হয়। তাতে বেশ কয়েক মাস ওই মাঠে খেলাধুলা বন্ধ ছিল। এবার হচ্ছে কালেক্টরেট মাঠে।
গতকাল বুধবার সকালে গিয়ে দেখা যায়, মাঠের চারদিকে বাঁশ পুঁতে স্টল করার জন্য ঘিরে ফেলা হয়েছে। মাঠের মাঝখানে ঝরনা ও টাওয়ার তৈরি করার জন্য কাজ চলছে। মাঠে মেলার সাজসজ্জার কাজ করছে মমতা ডেকোরেটর নামের দিনাজপুরের একটি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মমতাজুল ইসলাম বলেন, তাঁদের প্রায় ১০০টি স্টল তৈরি করতে হবে। তাতে মেলা উদ্বোধন করতে আগস্ট মাসের ১৫ তারিখ এসে যাবে।
কালেক্টরেট মাঠে মেলার আয়োজন করা নিয়ে নগরের বিভিন্ন ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে আপত্তি তোলা হচ্ছে। নগরের কাজীহাটা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বলেন, রাজশাহীতে খেলোয়াড়দের অনুশীলনের একটিই মাঠ। স্টেডিয়ামে বিভিন্ন প্রতিযোগিতা হয়। সেখানে অনুশীলন করার সুযোগ থাকে না। তিনি বলেন, আগে জেলখানার মাঠে অনুশীলন করা হতো। কিন্তু এখন সেটা কর্তৃপক্ষ ঘিরে নিয়েছে। ফলে কালেক্টরেট মাঠ ছাড়া রাজশাহীর বিভিন্ন ক্লাবের খেলোয়াড়দের অনুশীলনের কোনো জায়গা নেই। তিনি বলেন, সব ক্লাবের সদস্যরা বসে একটা সিদ্ধান্ত নিয়ে এই মাঠে মেলা না করার জন্য একটি আবেদন করবেন।
রাজশাহী জেলা প্রাথমিক ত্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের সদস্যসচিব নূরুজ্জামান বলেন, এই মাঠ সংস্কারে সিটি করপোরেশন কিছু সহযোগিতা করে আর তাঁরা নিজেরাই মাঠটি সংস্কার ও রক্ষণাবেক্ষণ করেন। তাঁরাই পিচ তৈরি করার জন্য মাটি এনেছেন। এটা খেলার মাঠ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। কালেক্টরেট মাঠ হলেও তাঁদের মেলাটা অন্য জায়গায় করা উচিত।
তবে রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি আবু বাক্কার আলী বলেন, কলেক্টরেট মাঠ খেলার মাঠ নয়। এখানে প্রয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে। তা ছাড়া সারা বছরই তারা খেলে। একটি মাসের জন্য মেলার আয়োজন করা হয়েছে।
একই কথা বলেন, রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী।