মাঠে সারের জন্য হাহাকার, উপচে পড়ছে বাঘাবাড়ীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীর ধারে সার, ট্রাকস্ট্যান্ডে সার, আবহাওয়া অফিসে সার, বালুমহালে সার। সারি সারি সারের বস্তার কারণে হাঁটাচলা করা দায়। বিশাল গুদামটি তো সারে ভরা আছেই। এর বাইরে খালাসের অপেক্ষায় নদীতে দাঁড়িয়ে আছে সারবোঝাই কার্গো।
সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ী নদীবন্দরে গতকাল শুক্রবারের চিত্র এটি। এখানে সারের যখন এই অবস্থা, তখন চলমান রবি আর আসন্ন বোরো মৌসুম সামনে রেখে ইউরিয়া সারের জন্য হাহাকার চলছে উত্তরাঞ্চলের ১৬ জেলায়। অনেক স্থানে ৭৫০ টাকার সার হাজার টাকা দিয়েও মিলছে না। বিএনপি-জামায়াতের টানা অবরোধ ও নাশকতার কারণে সার পরিবহন করতে না পারায় এই চরম সংকট তৈরি হয়েছে।
একই কারণে বাঘাবাড়ীতে আটকা পড়েছে পাঁচ কোটি লিটার জ্বালানি তেলও। কিন্তু উত্তরের পেট্রলপাম্পগুলোতে তেলের সংকট দেখা দিয়েছে।
বাঘাবাড়ী নদীবন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে নৌপথে সার আসে এখানে। এখান থেকে ট্রাকে করে রাজশাহী, রংপুর, নওগাঁ, দিনাজপুর, পাবনা, পঞ্চগড়সহ উত্তরের ১৬টি জেলার বাফার গুদামে সার যায়। সেখান থেকে সংশ্লিষ্ট জেলার ডিলাররা সার নেন। কিন্তু ২৬ নভেম্বর থেকে অবরোধ ও হরতালের কারণে গাড়ি চলাচল বন্ধ থাকায় নদীবন্দরেই পড়ে আছে সার।
গতকাল শুক্রবার বাঘাবাড়ী নদীবন্দরে গিয়ে দেখা যায়, বন্দরজুড়ে কেবল সারের বস্তা। টানা অবরোধের পর গতকাল সকাল থেকে কিছু ট্রাকে করে সার পরিবহন শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাঘাবাড়ী নদীবন্দরের সহকারী পরিচালক আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, এখানকার গুদামটির ধারণক্ষমতা ছয় হাজার মেট্রিক টন। সেখানে এখন চাপাচাপি করে প্রায় ১০ হাজার টন সার রাখা হয়েছে। বন্দরের বিস্তীর্ণ এলাকাজুড়ে রাখা হয়েছে আরও অন্তত ৫৫ হাজার মেট্রিক টন ইউরিয়া ও ১০ হাজার টন পটাশ সার। আর খালাসের জন্য নদীতে অপেক্ষা করছে ইউরিয়া সারবাহী আরও ১০টি ও পটাশবাহী সাতটি কার্গো।
বাঘাবাড়ী নৌবন্দরের ইজারাদার আবদুস সালাম বলেন, ‘নৌবন্দরে প্রতিদিন জাহাজ আসছে। কিন্তু সার রাখার জায়গা নেই বলে আমরা খালাস করতে পারছি না। শ্রমিকেরা কাজ করতে পারছেন না। অনেক দূরে জায়গা ভাড়া নিয়ে আমাকে সার রাখতে হচ্ছে। আমার প্রতিদিন দুই লাখ টাকা করে লোকসান হচ্ছে।’
বাঘাবাড়ী থেকে সার পরিবহনের দায়িত্বপ্রাপ্ত নবাব এন্টারপ্রাইজের প্রতিনিধি শাহান শাহ বলেন, ‘নির্ধারিত সময়ে বাফার গুদামগুলোতে সার পৌঁছাতে না পারলে শতকরা ১০ ভাগ করে আমাদের জরিমানা করা হবে। আবার বন্দরে অতিরিক্ত সময় সার রাখার কারণেও আমাদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।’ তিনি বলেন, ‘যেদিন অবরোধ থাকছে না আমরা সার পৌঁছাচ্ছি। কিন্তু গত এক মাসে অবরোধ ছিল না এমন দিন তো হাতে গোনা।’
একই অবস্থা নগরবাড়ী ঘাটেও। ঘাটের ইজারাদার এ এফ রফিকুল্লাহ জানান, এখানে ১০ হাজার টন ইউরিয়া এবং টিএসপি, ডিএপি ও পটাশ মিলিয়ে ৪০ হাজার মেট্রিক টন সার রয়েছে। অবরোধের কারণে পরিবহন করা যাচ্ছে না।
বিসিআইসি সূত্রে জানা গেছে, উত্তরাঞ্চলে চলতি ডিসেম্বর মাসে ৯০ হাজার ১৮০ মেট্রিক টন, জানুয়ারিতে এক লাখ ২২ হাজার ৬৪২ মেট্রিক টন এবং ফেব্রুয়ারিতে এক লাখ ৬৪ হাজার ৫০৩ এবং মার্চে ৯৯ হাজার ৫৯৬ মেট্রিক টন ইউরিয়ার চাহিদা রয়েছে। কিন্তু অবরোধের কারণে ঠিকমতো সার পৌঁছানো যাচ্ছে না।
ডিলাররা জানালেন, বোরো মৌসুমে এখন সারের তীব্র চাহিদা। এই মুহূর্তে দেশে সবচেয়ে বেশি সারের চাহিদা পাবনার সুজানগরে। সুজানগরের খুচরা সার বিক্রেতা বারেক শেখ প্রথম আলোকে বলেন, ‘সারা দেশের পেঁয়াজের অর্ধেকই আবাদ হয় সুজানগরে। এখানে এখন ইউরিয়া সারের তীব্র চাহিদা। কিন্তু আমরা সার পাচ্ছি না। প্রতি বস্তায় ৩০০ টাকা বেশি নিচ্ছে বিক্রেতারা। তার পরও ডিলাররা সার দিতে পারছে না।’
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের কৃষক রতন মিয়া জানান, ‘সবজির জন্য ৭৫০ টাকার এক বস্তা ইউরিয়া সার আমাকে ৯২০ টাকায় কিনতে হচ্ছে।’
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শফিউল আলম বলেন, গম, পেঁয়াজ, মরিচ, শীতের শাকসবজির জন্য এখন কৃষকের ইউরিয়া সার দরকার। সামনে আবার বোরো ধানের মৌসুম। তখনো সার লাগবে। কিন্তু অবরোধের কারণে সার পৌঁছাতে না পারায় সংকট হচ্ছে।
জ্বালানি সরবরাহ বন্ধ: বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) উত্তরাঞ্চলের প্রধান ডিপো বাঘাবাড়ীতে। ডিলাররা তেল উত্তোলন না করায় এখানকার পদ্মা, মেঘনা ও যমুনা—তিনটি তেল বিপণন কেন্দ্রের আওতায় প্রায় পাঁচ কোটি লিটার ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন মজুত হয়ে আছে। আর ভাসমান অবস্থায় ১২টি জাহাজে আছে আরও প্রায় ৫০ লাখ লিটার তেল।
বিপিসির ডিপো কর্মকর্তারা জানান, গত সপ্তাহে পুলিশি পাহারায় ৬০ লাখ লিটার তেল রাজশাহী, রংপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। অথচ এই ডিপো থেকে প্রতিদিনই ১৮ থেকে ২০ লাখ লিটার জ্বালানি তেল বিক্রি হয়ে থাকে।
দিনাজপুরের নাহিদ ফিলিং স্টেশনের মালিক নাহিদ হোসেন বলেন, অবরোধের কারণে পরিবহন বন্ধ থাকায় তাঁর পাম্পে দুই দিন ধরে ডিজেল নেই।