মাঠে সার্কাস, স্কুলের পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ১৭ এপ্রিল থেকে মাধ্যমিক পর্যায়ে অভিন্ন সময়সূচিতে প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। কিন্তু ব্যতিক্রম উপজেলার গাংনগর আলে মাহমুদ উচ্চবিদ্যালয়, গাংনগর জুনিয়র বালিকা বিদ্যালয় এবং হাবিবপুর উচ্চবিদ্যালয় ও কলেজ। মেলা ও সার্কাস বসানোর কারণে এ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন সময়সূচিতে পরীক্ষা হচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে, এই তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে গাংনগর আলে মাহমুদ উচ্চবিদ্যালয় ও গাংনগর জুনিয়র বালিকা বিদ্যালয়ে পরীক্ষা স্থগিত করা হয়েছে। আর হাবিবপুর উচ্চবিদ্যালয় ও কলেজে সময় এগিয়ে এনে পরীক্ষা নেওয়া হচ্ছে। এ নিয়ে এলাকার অভিভাবক মহলে ক্ষোভ দেখা দিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহম্মদ আলী বলেন, ‘জেলা শিক্ষা কর্মকর্তার অনুমতি নিয়েই পরীক্ষা পেছানো হয়েছে। আর বিদ্যালয়ের জায়গায় প্যান্ডেল করার জন্য মেলা কমিটির কাছ থেকে যে অনুদান পাওয়া যাবে তা বিদ্যালয়ের কল্যাণে ব্যয় করা হবে।’ গাংনগর বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র রায় জানান, আগামী ২৪ এপ্রিল থেকে স্থগিত পরীক্ষা শুরু হবে। হাবিবপুর উচ্চবিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাজাহান আলী বলেন, ‘মঞ্চের কারণে পরীক্ষার কোনো ক্ষতি হচ্ছে না। পরীক্ষার সময় একটু এগিয়ে এনে সকাল ১০টার পরিবর্তে আটটা থেকে পরীক্ষা নেওয়া হচ্ছে।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন বলেন, গাংনগর উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিতের জন্য জেলা শিক্ষা কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়েছে। অন্য দুই শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়টি তাঁর জানা নেই।জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষা স্থগিতের আবেদনপত্রে ইউএনও ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সুপারিশ থাকায় অনুমতি দিয়েছি।’