মাঠে ‘জালা’ মনে ‘জ্বালা’
বিদ্যালয়ে মধ্যাহ্ন বিরতির ঘণ্টা বাজল। পঞ্চম শ্রেণীর জাকির আর হাসান বিষণ্ন মনে বারান্দায় বসা। মন খারাপ কেন, এমন প্রশ্নে পাশ কাটানোর চেষ্টা ছিল দুজনেরই। নাছোড় দেখে জাকির আঙুল তুলে দেখিয়ে বলল, ‘ই-জালা (ধানের চারা) অইল গিয়া আমরার আরেক জ্বালা...!’ জাকিরের এই অঙ্গুলি নির্দেশ বিদ্যালয়ের পাশের একটি ধান খেতের দিকে। খেতজুড়ে সবুজ ধানের চারা। জানা গেল, বিদ্যালয় ঘেঁষা এ জমি কোনো ব্যক্তির নয়, বিদ্যালয়ের মাঠ। মৌসুমের এ সময়ে বিদ্যালয় পরিচালনা কমিটির এক সদস্য মাঠে প্রতি বছর চারা রোপণ করেন। সরেজমিনে দেখা গেছে, মাঠজুড়ে প্রায় ছয় মাস চারা থাকে। এতে খেলাধুলা তো দূরে থাক, বিদ্যালয়ে যেতে-আসতে জাকির ও হাসানের মতো দুই শতাধিক খুদে শিক্ষার্থীর চারা মাড়ানোর কষ্ট সইতে হয়। সম্প্রতি এ নিয়ে জাকির ও হাসানের সঙ্গে আলাপকালে সহপাঠীরাও এসে যোগ দেয়। সরকারি বিদ্যালয়ের মাঠে ধানের চারা রোপণ করার এ ঘটনা ঘটেছে সিলেটের কানাইঘাট উপজেলার লোহাজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।বিদ্যালয় সূত্র জানায়, উপজেলার প্রত্যন্ত লক্ষ্মীপ্রসাদ (পূর্ব) ইউনিয়নে অবস্থিত লোহাজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থানীয় এক দাতার ৬৭ শতাংশ জমির ওপর ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। টিলাশ্রেণীর এ ভূমির মধ্যে বিদ্যালয়ের মূল ভবন। টিলার নিচে ১৬ শতাংশ জায়গা বিদ্যালয়ের মাঠ হিসেবে ব্যবহূত হয়ে আসছে। ২০০৬ সালে বিদ্যালয়ের ভূমিদাতা প্রয়াত হাছন রাজা ওরফে হাছন মেম্বারের এক ছেলে আবুল কালাম বিদ্যালয় পরিচালনা কমিটিতে দাতাসদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন এবং ওই বছরই তিনি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হন। বাবা বিদ্যালয়ের ভূমিদাতার প্রভাব খাটিয়ে আবুল কালাম ২০০৬ সাল থেকে বিদ্যালয় মাঠকে প্রতি বছর বোরো মৌসুমের আগে ধানের চারার খেত হিসেবে ব্যবহার শুরু করেন। বর্তমানে তিনি কমিটির সভাপতি পদে নেই, তবে সদস্য হিসেবে আছেন। অভিভাবকেরা জানান, নিচু হওয়ায় বছরের ছয় মাস জলমগ্ন বা কাদা থাকে মাঠটিতে। শুষ্ক মৌসুমে মাঠে যখন ছাত্রছাত্রীরা খেলাধুলা করবে, তখন চারা থাকে। এ নিয়ে শিক্ষার্থীরা মনমরা থাকে। বিদ্যালয়ের একমাত্র শিক্ষক কামাল আহমদ স্বীকার করেন, মাঠে চারা থাকায় ছাত্রছাত্রীদের যাতায়াতে অসুবিধা হয়। তিনি জানান, বিদ্যালয়ে ছাত্রী ১৮০ এবং ছাত্র ১২৪ জন। ছাত্রছাত্রীদের উপস্থিতি বেশি থাকায় বিনোদনের জন্য মাঠ উন্মুক্ত থাকা জরুরি। বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি মজিরউদ্দিন জানান, বিদ্যালয় মাঠে আবুল কালামের চারা রোপণসহ অন্যান্য বিষয়ে অনিয়ম করায় অভিভাবকদের পক্ষ থেকে কানাইঘাট উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আবুল কালাম মাঠে চারা রোপণের বিষয়টি শুরুতে অস্বীকার করেন। পরে তিনি জানান, এটা আসলে মাঠ নয়, বিদ্যালয়ে দান করা তাঁর বাবার জমি। জমি তো মাঠ হিসেবে বিদ্যালয়ের কাগজপত্রে উল্লেখ রয়েছে—বিদ্যালয় পরিচালনা কমিটির বরাত দিয়ে কথাটি তাঁকে জানালে তিনি বলেন, ‘আমি ওই জায়গায় কিছু সংস্কারকাজ করেছিলাম। খরচ ওঠাতে মাস তিনেকের জন্য চারা লাগিয়েছি। তুলে ফেললেই তো শেষ।’ কানাইঘাট উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিন মাহবুব জানান, বিদ্যালয় মাঠে কারোরই কোনো কিছু করার এখতিয়ার নেই। তিনি জানান, খোঁজ নিয়ে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।