মাঠেই চলে পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর বেলাব উপজেলার পাটুলী উচ্চবিদ্যালয়ে শ্রেণীকক্ষের সংকট তীব্র। এ কারণে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক পাঠদান করা হচ্ছে মাঠে।
এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৭০ সালে দুই একর ১৯ শতক জমির ওপর বিদ্যালয়টি স্থাপিত হয়। বর্তমানে এখানে ১৬ জন শিক্ষক ও ৪৩৯ জন শিক্ষার্থী আছে। এর মধ্যে নবম শ্রেণীতে ৯৭ ও দশম শ্রেণীতে ৪৮ জন শিক্ষার্থী রয়েছে। কক্ষের সংকটে এই দুই শ্রেণীর শিক্ষার্থীদের মাঠে বসে পাঠ গ্রহণ করতে হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে কক্ষ-সংকটের বিষয়টি বিভিন্ন সময়ে জেলা পরিষদ ও স্থানীয় সাংসদের নজরে আনা হলেও কোনো ফল মেলেনি।
১২ মার্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, একতলা ভবনের তিন কক্ষ ও আধা পাকা ভবনে আরও দুটিতে গাদাগাদি করে বসে শিক্ষার্থীরা পাঠ নিচ্ছে। মাঠে নবম শ্রেণীর মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের পাঠদান চলছে।
নবম শ্রেণীর বাণিজ্য বিভাগের শিক্ষার্থী লিপি আক্তার বলে, ‘নবম শ্রেণীতে ওঠার পর থেইকাই মাঠে ক্লাস করতেছি। দশম শ্রেণীতেও এ দশাই থাকবে। মনে হইলে আর স্কুলে আসতে ইচ্ছা করে না।’ মেয়েটি আক্ষেপ করে বলে, ‘সামনে আবার বর্ষাকাল। তখন বৃষ্টিবাদলার মধ্যে কী হবে আল্লায় জানে।’
বিজ্ঞান বিভাগের শিক্ষক দুদু মিয়া ও মানবিক বিভাগের আলমগীর আফ্রাদ বলেন, শ্রেণীকক্ষের অভাবে নবম ও দশম শ্রেণীর বিষয়ভিত্তিক ক্লাস ভাগ ভাগ করে মাঠে করাতে হচ্ছে। কিন্তু মাঠে এভাবে পাঠদান করলে শিক্ষার্থীদের যেমন মনোযোগ দিতে সমস্যা হয়, তেমনি শিক্ষকদেরও একাগ্রতা নষ্ট হয়।
প্রধান শিক্ষক আনোয়ারুজ্জামান খান বলেন, ‘ষষ্ঠ থেকে অষ্টম পর্যন্ত শিক্ষার্থীদের আমরা কোনো রকমে কক্ষে জায়গা দিতে পারি। কিন্তু নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের পালা করে কক্ষে আর মাঠে পাঠদান করতে হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আপাতত চারটি শ্রেণীকক্ষ হলেই শিক্ষার্থীদের আর মাঠে ক্লাস করতে হতো না। এ জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরে কয়েক দফায় আবেদন করেও কোনো ফল মিলছে না।’
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আমির হোসেন বলেন, ‘আমরা চারবার স্থানীয় সাংসদ নুরুল মজিদ মাহমুদকে প্রধান অতিথি করে অনুষ্ঠান করেছি। তাঁকে সমস্যার কথা জানানো হয়েছে। প্রতিবারই তিনি ভবন করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। এ ছাড়া জেলা পরিষদেও আমরা লিখিত আবেদন করেছি। তার পরও নতুন কক্ষ করার জন্য কোনো বরাদ্দ পাইনি।’
ইউএনও সুলতানা রাজিয়া বলেন, সম্প্রতি জেলা প্রশাসক বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। শ্রেণীকক্ষ-সংকটের বিষয়টি তিনি দেখে গেছেন।