মাঠের জন্য হা-পিত্যেশ
নগরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বুদ্ধিপ্রতিবন্ধী ছেলেমেয়েদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। প্রতিযোগীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় বা তৃতীয়জনকে বাছাই করতে শিক্ষক এবং সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে। আবার প্রথম হওয়ার পরও অনেকে বুঝতেই পারছে না এর মর্ম। তবে তাদের কৃতিত্বে অভিভাবক ও শিক্ষকদের উচ্ছ্বাস দেখে কে!
গতকাল বৃহস্পতিবার সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব দি ইন্টেলেকচুয়ালি ডিসঅ্যাবল্ড, বাংলাদেশ বা সুইড বাংলাদেশের বুদ্ধিপ্রতিবন্ধী, অটিস্টিক এবং বহুমাত্রিক প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এ চিত্র দেখা গেল। সারা দেশের ৬১টি শাখা থেকে ৪৬৮ জন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। তারা সফট বল নিক্ষেপ, রানিং লং জাম্প, স্যান্ডিং লং জাম্প, দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতায় নেয়। প্রতিটি ইভেন্ট শেষ হওয়ার পরপরই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আজ শুক্রবার সংগঠনের কার্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার প্রদানের মধ্য দিয়ে বার্ষিক আয়োজন শেষ হবে।
গতকাল প্রতিযোগীদের উৎসাহ দিতে সকালে খেলার মাঠে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবীর, সাংসদ মীর শওকত আলী বাদশা, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জামাল এম এ নাসের নানা বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
সুইড বাংলাদেশের সভাপতি জওয়াহেরুল ইসলামের কণ্ঠে খানিকটা ক্ষোভ ও হতাশা। প্রথম আলোকে তিনি বলেন, এই প্রতিবন্ধীদের খেলার জন্য মাঠ নেই। বছরের একটি দিনের জন্যও খেলার মাঠ পাওয়া যায় না। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবেদন করেও পাওয়া যায়নি। আর্মি স্টেডিয়ামের নিজস্ব অনুষ্ঠান থাকায় তারা মাঠ দিতে পারেনি। ক্রীড়া পরিষদের কাছে আবেদন করার পর এই মাঠটি বিনা মূল্যে পাওয়া গেছে। এটি প্রতিবছরেরই চিত্র।
শুধু মাঠ নয়। এই প্রতিবন্ধীদের জন্য এ রকম আয়োজনে যে ধরনের আর্থিক সামর্থ্য থাকার কথা, তা সংগঠনের নেই।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা পাওয়ার আশ্বাস মিলেছে। ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, তাহেরা হক পরিবার, মজিবর রহমান ফাউন্ডেশন, নিউ লাভলি ডেকোরেটরসসহ বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এসেছে বলেই এদের কিছুটা বাড়তি আনন্দ দেওয়া সম্ভব হচ্ছে।