মাঠের ধানে কৃষকের হাসি হাটের দামে বেজার
চলতি বোরো মৌসুমে রংপুরের বদরগঞ্জ উপজেলার মাঠঘাট এখন সোনালি ধানে চকচক করছে। তা দেখে কৃষকের মুখে তাৎক্ষণিক হাসিও ফুটছে। কিন্তু হাটবাজারে বিক্রি করতে এসে ধানের দাম না পেয়ে তাঁরা মুখ বেজার করে বাড়ি ফিরছেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলার মাটি ধান চাষের উপযোগী। তাই এখানকার কৃষকেরা ধান চাষে ঝুঁকে পড়েন। কিন্তু বিগত তিন বছর ধান চাষ করে উৎপাদন খরচও তুলতে পারেননি তাঁরা। চলতি মৌসুমে উপজেলায় ১৭ হাজার ৪২৫ হেক্টরে বোরোর চাষ হয়েছে। এবারও উৎপাদন খরচ তুলতে পারছেন না কৃষকেরা। এই অবস্থায় তাঁরা সাংসারিক ব্যয় বহনে অর্থনৈতিক সংকটে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বদরগঞ্জের সাতটি হাটবাজার ঘুরে জানা গেছে, প্রতিমণ (২৮ কেজি) বোরো ধান হাটবাজারে বিক্রি হচ্ছে ৩৫০-৩৬০ টাকায়। কিন্তু কৃষকদের দেওয়া তথ্যমতে, এবারে তেমন বৃষ্টি না হওয়ায় বোরো উৎপাদনে মণপ্রতি খরচ পড়েছে ৩৮০-৪০০ টাকা। বিগত আমনেও প্রতিমণ ধান উৎপাদনে প্রায় ৪০০ টাকা উৎপাদন খরচ পড়লেও কৃষক ধান বিক্রি করেছেন ৩৬০-৩৭০ টাকায়।
বিষ্ণুপুর ইউনিয়নের কৃষক গোলাম মোস্তফা বলেন, গত আমনে প্রতিমণ ধান বিক্রি করেছেন ৩৬০ টাকায়। উৎপাদন খরচ ৪০০ টাকা। কিন্তু সরকার ওই ধানের চাল মিলারদের কাছে কিনেছে ৩১ টাকা কেজি দরে। এক মণ ধানে খুদ বাদে চাল হয় ১৯ কেজি। তা সরকার কিনেছে ৫৮৯ টাকায়। এতে মিলাররা ব্যাপকভাবে লাভবান হলেও উৎপাদন খরচ তুলতে পারেননি কৃষক। বোরো মৌসুমেও ধান চাষ করে ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। এমন ধানের দাম থাকলে কৃষক বাঁচবেন কেমন করে।
আমরুলবাড়ী গ্রামের কৃষক আইয়ুব আলী সরকার বলেন, ‘এবার আল্লায় ধানের ফলন ভালো দেছে। খেতোত (খেতে) চকচকা ধান দেকলে মনটা খালি জুড়ি যাওচে। তাক বেচপার গেইলে মন বেজার হয়া যায়। আবাদোত যেই টাকা খরচ করচি সেই টাকায় ওটোছে না।’
ধান চাল ব্যবসায়ী ডিজেল সাহা বলেন, ‘সরকার বোরোর ভরা মৌসুমে বর্তমানে ওএমএসের মাধ্যমে প্রতিকেজি চাল খোলাবাজারে বিক্রি করছে ১৫ টাকায়। এর প্রভাব পড়েছে ধানের বাজারে। ৩৬০ টাকা দরে প্রতিমণ বোরো ধান কিনে এ কারণে আমরাও লাভের মুখ দেখছি না।’
বদরগঞ্জ উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, ইতিমধ্যে মাঠ থেকে ২৫ ভাগ বোরো ধান কাটা হয়েছে। চলতি মৌসুমসহ চার বছর ধরে কৃষকেরা ধান আবাদ করে লোকসান গুনছেন। কৃষকের অবস্থা মোটেই ভালো নয়।