মাঠের বোরো নিয়ে বিপাকে চাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলনবিলের নাটোর অংশে অকালবর্ষায় খেতে পানি ওঠায় আটকা পড়েছে কয়েক হাজার বিঘা জমির পাকা বোরো ধান। ধান কাটায় যেমন সমস্যা হচ্ছে, তেমনি পরিবহনেও সৃষ্টি হয়েছে প্রতিবন্ধকতা। চাষিরা অনেকে ধান কেটে খেতে রেখে দিয়েছেন, অনেকে আবার খেতেই চট বিছিয়ে মাড়াই করছেন। পানির কারণে বেড়ে গেছে খরচ। তাই বাম্পার ফলন পেয়েও দিশেহারা এলাকার চাষিরা।গত বৃহস্পতিবার সিংড়া উপজেলার কালীনগর, কলম, বিলদহর, কৃষ্ণনগর, আলীনগরসহ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্রই চোখে পড়েছে। আলীনগর গ্রামে দেখা যায়, রাস্তার পাশে ধান মাড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন বহু কৃষক। কিন্তু বৃষ্টির আগে কিছু ধান আনা সম্ভব হলেও অনেক ধান এখনো খেতে পড়ে আছে। বিলের কাদাপানির ভেতর ধান বহনের মহিষের গাড়ি অচল হয়ে পড়ছে। দুটির বদলে চারটি মহিষ জুড়ে দিয়েও গাড়ি টেনে আনা প্রায় দুঃসাধ্য হয়ে উঠেছে।সিংড়া থেকে সোজাচামারী ইউনিয়নের বিলদহর বাজার। বাজারের পাশ দিয়ে বয়ে চলেছে আত্রাই নদ। এরই মধ্যে এ নদে পানি বাড়তে শুরু করেছে। এই নদ পার হয়ে কালীনগর গিয়ে দেখা গেল, মহিষের গাড়ি চলাচল করায় কাঁচা রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ রাস্তার পাশেই চলনবিলের একটি অংশ। গ্রামের চাষি আজাদ মোল্লা, মিজানুর রহমান ও আজমত প্রামাণিক বলেন, তাঁরা কেবল যে বৃষ্টির কারণে জমি থেকে ধান কাটতে পারছেন না, তা নয়; কেউ কাটলেও বাড়ি পর্যন্ত বহন করে নিতে বেগ পাচ্ছে। আলীনগরের পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় দূরে বিল এলাকায় চোখে পড়ে বহু চাষি ধান ঘরে তুলতে না পেরে খেতেই মাড়াই করছেন। অনেকে কাটা ধান স্তূপ করে রেখেছেন পানি শুকানোর অপেক্ষায়। কেউ আবার মহিষের গাড়ি দিয়ে ধান নেওয়ার চেষ্টা করছেন।এলাকার নেতৃস্থানীয় লোকজন জানালেন, পানির কারণে সিংড়ার কলম, চামারী, বিয়াঘাট ও ডাহিয়া ইউনিয়নের চাষিরা বেশি ক্ষতিগ্রস্ত। চলনবিলের আওতাধীন কালীনগর, কৃষ্ণনগর, ফকিরপাড়া, সাপগাড়ি, হরদমা, বিলহরিবাড়ি, ডায়া, হিজলা, বেড়াবাড়ি, কাইয়া ডিরগাই, ভিটাপাড়া গ্রামের চাষিরা ধান ঘরে তুলতে পারছেন না। এসব এলাকার ধান কাটার জন্য পার্শ্ববর্তী পাবনা, হালসা, মহিষমারী, রশিদপুর, কুমারখালীসহ বিভিন্ন এলাকা থেকে বহু খেতমজুর আসেন। আলীনগর ও বিলদহরে তাঁদের অনেককেই হাত-পা গুটিয়ে বসে থাকতে দেখা গেছে। এ এলাকায় ধান পরিবহনের কাজে মহিষের গাড়ি আসে লালপুর, পদ্মারপাড়, চারঘাট, কুষ্টিয়াসহ বিভিন্ন এলাকা থেকে। কয়েকজন গাড়িয়ালের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা ধান তুলতে না পারায় কয়েক দিন ধরে গ্রামে অপেক্ষা করছেন। পানির কারণে খেতেই ধান মাড়াই করছেন কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিল। তিনি বলেন, ‘বৃষ্টির কারণে না পারছি নৌকায় ধান নিতে, না পারছি গাড়িতে নিতে। ধান এখন খেতেই মাড়াই করছি। নদীটি খনন না করা হলে এ সমস্যার সমাধান হবে না। চাষিদের সমস্যা দূর করতে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে।’ ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম বলেন, এবার অনেক আগাম বৃষ্টি হয়েছে। এ কারণে চাষিরা বিপাকে পড়েছেন। স্বাভাবিক আবহাওয়ায় সাধারণত এমন হয় না। এ সমস্যা সমাধানে চলনবিলের নদীগুলো খননের উদ্যোগ নিতে হবে। সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা মনজুরুল হক বলেন, বিআর-২৯ জাতের বিলম্বিত বোরো ধানের কিছু অংশ খেতে আছে। কয়েক দিন আগে বৃষ্টি হওয়ায় খেতে পানি জমে আছে। তবে দু-তিন দিন শুকনো আবহাওয়া থাকলে পানি কমে যাবে। তার দু-এক দিনের মধ্যেই চাষিরা বাকি ধান ঘরে তুলতে পারবে বলে আশা করা যায়।