মাঠের সঙ্গে বাজার, খেলার পরিবেশ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের উত্তর-পশ্চিম পাশে নেট অনুশীলনের জন্য নির্মাণ করা দুটো সিমেন্টের উইকেট। তার ঠিক দক্ষিণ পাশজুড়ে ডোবার মতো জায়গা। বড় বড় ঘাস, নোংরা পানিতে ভরা। একপাশে মাটির স্তূপ। অর্ধেক অংশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ছোট-বড় কংক্রিটের চাঁই, ইট, খোয়া, শুকনো পাতা, প্লাস্টিক, পলিথিন প্রভৃতি। বাকি অর্ধেক অংশে বালি বিছানো, তা-ও অসমতল।
গত সোমবার লালমাটিয়া বি-ব্লক মাঠে গিয়ে এ চিত্র দেখা গেছে। আরও দেখা গেছে, মাঠের দক্ষিণ-পশ্চিম পাশে নির্মাণাধীন সেকেন্ডারি ট্রান্সফরমার স্টেশনের পাশে গড়ে উঠেছে একটি এক বেলার বাজার। প্রতি সপ্তাহের সোম, বুধ ও শুক্রবার বসে এ বাজার।
ব্যবসায়ীরা জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অনুমতি ছাড়াই বাজারটি টিকে আছে। জায়গার মালিক জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। বাজারের বয়স প্রায় আট বছর। দোকান আছে প্রায় ৭০টি। বাজার খোলে সকাল সাতটায়, বন্ধ হয় বেলা দুইটায়। দোকান বসাতে নির্দিষ্ট পরিমাণ টাকা লাগে। আয়তন ও পরিধি অনুযায়ী ৩০ থেকে ১২০ টাকা করে দিতে হয়।
খোঁজ নিয়ে জানা যায়, টাকা তোলেন আবদুর রহমান নামের স্থানীয় এক ব্যক্তি। বাজারে তারও একটি মুদি দোকান আছে। টাকা তোলার বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘এটা অস্থায়ী বাজার। লালমাটিয়াবাসীর সুবিধার কথা বিবেচনা করে বাজারটি নিয়মিত বসে। কারও থেকে টাকা নিই না। কেউ কেউ পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ১০-২০ টাকা দেয়।’
দেখা গেছে, ওই জায়গায় ইট বিছিয়ে ব্যবসায়ীরা বসার ব্যবস্থা করে নিয়েছেন। ত্রিপল টাঙানো, সাজানো মালামাল। বাজারে নারী ক্রেতার সংখ্যাই বেশি, পুরুষেরাও আসেন। আছে অস্থায়ী হোটেল, চা, মাছ ও মুরগি কাটার দোকান। বিক্রি হচ্ছে মাছ, মুরগি, সব ধরনের সবজি, ফল, শুঁটকি মাছ ও মুদি জিনিসপত্র। বিভিন্ন জায়গায় পড়ে আছে বাজারের বর্জ্য।
বিষয়টি জানালে ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বাজারটি কয়েকবার উচ্ছেদের চেষ্টা করেছি। কিন্তু এলাকাবাসী বাধা দিয়েছেন। তাঁদের সুবিধা হয় বলে বাজারটি বসে। এভাবে আবর্জনা ফেলে রাখলে বাজার তুলে দেব। আর টাকা নেওয়ার বিষয়টি আমিও শুনেছি, খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেব।’
সোমবার বিকেলে মাঠে গিয়ে দেখা গেছে, মাঠের চারধারে পায়ে চলা পথের (ওয়াক ওয়ে) ওপর গড়ে উঠেছে ২০টি চা ও চটপটির দোকান। উত্তর-পূর্ব পাশে শহীদ মিনারের পেছনেও চারটি চায়ের দোকান। মাঠে পিকআপ ভ্যান রাখা। পশ্চিম অংশে সংস্কারের উদ্দেশ্যে মাটি ভরাট করা হচ্ছে। ওয়াক ওয়ের ওপর চেয়ার পেতে লোকজন গল্প করছেন, খাওয়া-দাওয়া করছেন। চায়ের দোকাগুলো জমজমাট। মাঠের দুধারে পানি নিষ্কাশনের নালা ভরে গেছে আবর্জনায়।
বন্ধুদের নিয়ে ফুটবল খেলতে এসে ধানমন্ডি বয়েজ স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আহমদ আলী বলে, ‘আগে ঘাস ছিল। এখন খেলার পরিবেশ নেই। বালুর কারণে সমস্যা হয়, খালি পায়ে খেলা যায় না।’ বিষয়টি জানালে ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জানান, মাঠের সংস্কারকাজ চলছে। এখন মাটি ভরাট করা হচ্ছে, ‘এরপর বালু বিছিয়ে দিয়ে ঘাস লাগানো হবে। পশ্চিম অংশের কাজ শেষে হলে একইভাবে পূর্ব অংশের কাজ শুরু হবে। পর্যায়ক্রমে সবকিছু সুন্দর হবে। খেলার পরিবেশ ফিরে আসবে। মাঠের চারপাশে সোডিয়াম বাতিও বসাব।’