মাতবরদের রায়ের বাল্যবিবাহটি বন্ধে পুলিশের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) কয়েকজন সদস্য ও একটি গ্রামের মাতবরদের নিয়ে গঠিত কথিত সালিস বোর্ডের দেওয়া বাল্যবিবাহের রায়টি কার্যকর হচ্ছে না। গত শনিবার দেওয়া ওই রায় অনুযায়ী কাল শুক্রবার বিয়েটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিয়েতে দেনমোহর বাবদ দেড় লাখ টাকা ও যৌতুক বাবদ ৪০ হাজার টাকাও ধার্য করেছিল বোর্ড।
গতকাল বুধবার এ নিয়ে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশ করা হলে পুলিশ বাল্যবিবাহটি বন্ধে উদ্যোগ নেয়। গতকাল দুপুরে সংশ্লিষ্ট গ্রামে পুলিশ গিয়ে এ বিয়ে বন্ধ রাখতে ছেলে-মেয়ের পরিবারকে নির্দেশ দিয়েছে।
নান্দাইল মডেল থানার (ওসি) মো. আতাউর রহমান বলেন, বাল্যবিবাহ নিয়ে সালিস বোর্ডের রায়ের খবরটি জেনে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে ওই গ্রামে তিনি পুলিশ পাঠিয়েছেন। ছেলে-মেয়ে দুটিকে যেন বাল্যবিবাহ না দেওয়া হয়, সে জন্য দুই পরিবারকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। এরপরও কেউ এ বিয়ে নিয়ে অগ্রসর হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ছেলের (বর) বড় ভাই গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমাদের পক্ষে কথা বলার কেউ ছিল না। আপনাদের লেখালেখির কারণে আমার অল্প বয়সী ভাই বাল্যবিবাহের অভিশাপ থেকে রক্ষা পেয়েছে।’
‘ঘাসফুল’-এর প্রচেষ্টায় আরেকটি বাল্যবিবাহ আটকাল
নান্দাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সাত ছাত্রীর গড়া সামাজিক সংগঠন ‘ঘাসফুল’-এর সদস্যদের দেওয়া খবরের ভিত্তিতে নান্দাইলে গতকাল একটি বাল্যবিবাহের ঘটনা এড়ানো গেছে। এ নিয়ে তাদের প্রচেষ্টায় চতুর্থ বাল্যবিবাহের ঘটনা আটকাল।
নান্দাইল পৌরসভার একটি বাড়িতে গতকাল বিকেলে এই বাল্যবিবাহ দেওয়ার সময় এক পুরোহিত ও বরের ছোট ভাইকে আটক করে পুলিশ। এ ছাড়া বর ও কনের অভিভাবকেরা বাড়ি ছেড়ে আত্মগোপন করেন।
নান্দাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে পাত্রের পরিবারের কাছে সম্প্রদান করছিলেন পুরোহিত পরিতোষ চন্দ্র আচার্য। নেত্রকোনা থেকে পাত্রের ভাই প্রভু চন্দ্র সূত্র দাসসহ অন্য স্বজনেরা সেখানে আসেন কনেকে গ্রহণ করতে। খবর পেয়ে ঘাসফুলের ছাত্রীরা ঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমানকে জানালে তিনি বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানতে পারেন মেয়েটির বিয়ের বয়স হয়নি। পরে তাঁর নির্দেশে পুলিশ গিয়ে সে বিয়ে আটকে দেয়।
ইউএনও বলেন, আটক দুজনের কাছ থেকে বাল্যবিবাহ করানো হবে না মর্মে লিখিত অঙ্গীকারনামা রেখে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
এক বখাটের পরিবারে ‘ঘাসফুল’
ঘাসফুলের চার সদস্য গতকাল খবর পায়, নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের চানপুর গ্রামের মো. সবুজ মিয়ার উত্ত্যক্তের কারণে সপ্তম শ্রেণির এক ছাত্রীর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন অভিভাবকেরা। পরে ঘাসফুলের সদস্যরা পুলিশের একটি দল নিয়ে ওই বখাটের গ্রামে যায়।
ঘাসফুলের লিজওয়ানা তাবাসসুম জানায়, তারা গ্রামে মেয়েটির বাড়িতে যাওয়ার পর অভিভাবকেরা এ বিয়ে দেবে না বলে অঙ্গীকার করেন। সঙ্গে বখাটের উৎপাত বন্ধে উদ্যাগ নেওয়ার কথা বলেন। পরে তারা সবুজের বাড়ি গেলে পুলিশ দেখে সে বাড়ি ছেড়ে পালায়। পুলিশ তার পরিবারকে সতর্ক করে দিয়েছে।