মাতব্বরদের এত ক্ষমতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননী সেলিনাকে (২৮) চরিত্রহীনতার অভিযোগ তুলে গ্রামের মাতব্বররা তাঁর ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। তাঁরা জরিমানা করেই ক্ষান্ত হননি, ধার্য করা টাকা সাত দিনের মধ্যে পরিশোধ না করলে তাঁকে গ্রামে বসবাস করতে দেবেন না বলে হুমকি দিয়েছেন। গত শুক্রবার উপজেলার নওজোড় গ্রামের বাদএলা কলেরপাড় নামক স্থানে গ্রাম্য সালিসে মাতব্বরেরা এ রায় দেন। এ সালিসের নয় দিন আগে পার্শ্ববর্তী মাটিয়া কুড়ি গ্রামের কালাম নামে এক যুবকের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপনের অভিযোগ তুলে মাতব্বরেরা তাঁকে অমানুষিক নির্যাতন করেন। পরের দিন গ্রাম পুলিশ কমিটির ব্যানারে মাতব্বরেরা গ্রাম্য সালিস ডাকেন। সালিসে মাতব্বরেরা কালামকে নারী নির্যাতন মামলার ভয়ভীতি দেখিয়ে ৩২ হাজার টাকা জরিমানা করেন। মামলা থেকে রেহাই পেতে কালামের পরিবারের সদস্যরা ওই সালিসেই জরিমানার টাকা পরিশোধ করেন। মাতব্বররা জরিমানার এই টাকা সেলিনাকে দেননি। তাঁরা জরিমানার টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে মাতব্বর মোতাহার হোসেন জরিমানার টাকা ভাগাভাগির কথা অস্বীকার করে বলেন, ‘আদায় করা টাকা সেলিনাকে দেওয়ার কথা ছিল। পরে দেখলাম ওর দোষ আছে। এ কারণে সেলিনাকেও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেলিনা টাকা দিলেই আমরা দুজনের জরিমানার টাকায় গ্রামে একটি ল্যাট্রিন বানাব।’ সেলিনার বাবা হাফিজার মোল্লা জানান, ‘আমার মেয়ের সঙ্গে কালামের অবৈধ সম্পর্কের কথা রটিয়ে মাতবররা ৩২ হাজার টাকা জরিমানা আদায় করেছে। সেই টাকা মাতব্বররা নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করেছে।’ এ প্রসঙ্গে মাতব্বর মোতাহার হোসেন বলেন, ‘আমি নওজোড় গ্রাম পুলিশ কমিটির সাধারণ সম্পাদক। তাই সংগঠনের প্যাডে স্বাক্ষর করে নোটিশ দিয়েছি।’ এভাবে আপনি কি কাউকে নোটিশ করতে পারেন? এমন প্রশ্নে বলেন, ‘আমি গ্রামের যে কাউকে নোটিশ করে সালিস করতে পারি। সেই অধিকার গ্রামের মানুষ আমাকে দিয়েছে।’ সেলিনা বলেন, ‘আমি নির্দোষ। মিথ্যা অপবাদ দিয়ে মাতব্বরেরা রোজগার করছে। স্বামী ছেড়ে দেওয়ার পর বাবার বাড়িতে থাকছি। এত টাকা আমার দিনমজুর বাবা দিতে পারবে না। তাই হয়তো বাবার বাড়িতে থাকা হবে না।’ কালাম সেলিনার সঙ্গে অবৈধ সম্পর্ক থাকার কথা অস্বীকার বলেন, ‘আমার দোকানে সেলিনার ছেলে কর্মচারী হিসেবে থাকে। ছোট ছেলে রাতে একা বাড়িতে যেতে পারবে না ভেবে ওকে তাদের বাড়িতে রাখতে যাই। আমার সঙ্গে সেলিনার অবৈধ সম্পর্ক আছে বলে দুজনকেই গ্রামের মাতব্বরেরা মারধর করে। মামলার ভয় দেখিয়ে সালিসে তারা আমাকে ৩২ হাজার টাকা জরিমানা করে। ওই বৈঠকেই জরিমানার সব টাকা দিয়েছি।’ তিলকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী সোনার বলেন, ‘নারীঘটিত ব্যাপারে নওজোড় গ্রামের মাতব্বরেরা সালিসি বৈঠকে একজনের কাছে মোটা অঙ্কের জরিমানা আদায় করেছে বলে শুনেছি। তবে সালিস বৈঠকে তাঁরা জনপ্রতিনিধিদের ডাকেননি। এ কারণে আমরা কেউ সালিসে ছিলাম না।’ আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, কোনো ব্যক্তি আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে নোটিশ করতে পারে না। এ ব্যাপারে সেলিনা অভিযোগ করলে মাতবরদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।