মাতব্বরদের নির্দেশে ছাগল ও ভেড়া পালন নিষিদ্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছের পাতা ও ফসলের ক্ষতি করে এমন অভিযোগ তুলে রাজশাহীর বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নের ২৯টি গ্রামের মধ্যে ২৫টিতেই ছাগল ও ভেড়া পালন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গত এক বছরে বিভিন্ন সময় সংশ্লিষ্ট গ্রামের মাতবরেরা এই নিষেধাজ্ঞা জারি করেছেন। এতে ওই সব গ্রামে ছাগল-ভেড়া পালনকারী দরিদ্র লোকজন বিপাকে পড়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইউনিয়নের চারটি গ্রাম বাদে অন্য কোনো গ্রামে মাতব্বরদের বাধায় লোকজন ছাগল পালতে পারছে না। ইউনিয়নের রমজানপাড়া গ্রামে চার শতাধিক পরিবার ছাগল পালন করে আসছিল। গত ৩ মার্চ রমজানপাড়ায় স্থানীয় মাতবরেরা বসে গ্রামে ছাগল-ভেড়া পালন নিষিদ্ধ ঘোষণা করেন। বেসরকারি সংস্থা ব্র্যাকের অতিদরিদ্র কর্মসূচি, রাজশাহীর এলাকা ব্যবস্থাপক বিশ্বজিৎচন্দ্র হালদার গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদনে জানান, ওই গ্রামে গত বছরের জুন থেকে অতিদরিদ্র ২৫টি পরিবারকে সংস্থাটি তাদের কর্মসূচির আওতায় পাঁচটি করে ছাগল-ভেড়া ও ১০টি করে মুরগি দিয়েছে। ইতিমধ্যে ছাগল ও ভেড়ার সংখ্যা বেড়েছে। এ ছাড়া গ্রামের আরও প্রায় ৪০০ পরিবার ছাগল ও ভেড়া পালন করছিল। সপ্তাহখানেক আগে গ্রামের মাতবরেরা ছাগল-ভেড়া পালন নিষিদ্ধ করায় সুবিধাভোগী এবং সাধারণ লোকজন ভয়ে ছাগল ও ভেড়া অন্য এলাকায় তাদের আত্মীয়-স্বজনের বাড়িতে রেখে আসছে। অনেকে কম দামে ছাগল-ভেড়া বিক্রি করে দিচ্ছে। ওই গ্রামের দরিদ্র নারী কপিজান, আঙ্গুরী ও সখিনা জানান, ছাগল-ভেড়া পালন নিষিদ্ধ করায় তাঁরা সেগুলো তাঁদের আত্মীয়দের কাছে রেখে এসেছেন। একই গ্রামের মফিজ উদ্দিন বলেন, ‘আমরা গরিব মানুষ, লাভের আশায় ছাগল-ভেড়া পাইল্যা একন লোকসান হচ্ছে।’ এই নিষেধাজ্ঞার কারণে তিনি দুই জোড়া ছাগল কম দামে বিক্রি করে দিয়েছেন বলে জানান। ওই গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ইনতাজ আলী জানান, গ্রামের মাতব্বর মহির উদ্দিন, সোলাইমানসহ স্থানীয় লোকজন ছাগল পালন নিষিদ্ধ ঘোষণা করেছেন। মহির উদ্দিন জানান, ছাগল খুব ক্ষতি করে। এ জন্য সবাই বসে এ সিদ্ধান্ত নিয়েছেন। গোবিন্দপাড়া ইউপি চেয়ারম্যান বিজন সরকার জানান, তাঁর ইউনিয়নে চারটি গ্রাম বাদে কোনো গ্রামে ছাগল-ভেড়া পালন করা হয় না। সম্প্রতি রমজানপাড়া গ্রামে ছাগল পালনে মাতব্বরদের নিষেধাজ্ঞা আরোপ সম্পর্কে তিনি বলেন, ছাগল-ভেড়া গাছের পাতা খেয়ে ফেলে, গাছ ও ফসলের ক্ষতি করে। এ জন্য স্থানীয় মাতবরেরা ছাগল-ভেড়া পালন নিষিদ্ধ করেছেন। তবে রমজানপাড়ায় ছাগল পালার সুযোগ দেওয়ার ব্যাপারে স্থানীয় মাতব্বরদের তিনি অনুরোধ করেছেন বলে জানান। ইউএনও এস এম আবু হোরায়রা জানান, ছাগল-ভেড়া পালন নিষিদ্ধ করা ঠিক হয়নি। ব্র্যাকের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। তিনি গ্রামের মাতব্বরদের সঙ্গে কথা বলে বিষয়টির সুরাহা করবেন বলে জানান। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুভাষচন্দ্র পণ্ডিত বলেন, ‘আমি এ ব্যাপারে অবগত নই। তবে ছাগল-ভেড়া পালন নিষিদ্ধ করা হয়ে থাকলে তা ঠিক হয়নি।’