মাতব্বরদের পিটুনিতে মা ও সন্তানেরা হাসপাতালে
রংপুরের বদরগঞ্জে রহমতের বাজারের পাশে এক গ্রামে তিন সন্তানসহ এক নারী স্থানীয় দুই মাতব্বরের নির্যাতনের শিকার হয়েছেন। ১১ বছরের মেয়েকে দুশ্চরিত্র বলে অপবাদ দেওয়ায় এর প্রতিবাদ করেন ওই নারী। এতে মাতব্বর সাদেক আলী ও ফয়জার আলী খেপে গিয়ে গত শুক্রবার তিন সন্তানসহ ওই নারীর ওপর নির্যাতন চালান বলে অভিযোগ পাওয়া গেছে।
গ্রামবাসী জানান, মেয়েকে দুশ্চরিত্র বলে অপবাদ দেন সাদেক ও ফয়জার। মা এর প্রতিবাদ করলে শুক্রবার সকালে ওই দুই মাতব্বর তাঁদের অনুসারী আক্কাছ আলী, গোলজার হোসেন ও ফজলুল হককে নিয়ে বাড়িতে ঢুকে মাকে মারধর করেন। এ সময় মাকে বাঁচাতে গেলে তিন সন্তানও মাতব্বরদের নির্যাতনের শিকার হয়। পরে মাতব্বরা চলে গেলে আহত মা ও সন্তানদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রতিবেশীরা।
গতকাল সোমবার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, দুই শিশুসহ ওই নারী চিকিৎসাধীন। মারধরের কারণে তখনো কথা বলতে কষ্ট হচ্ছিল তাঁর। ভাঙা ভাঙা কণ্ঠে তিনি বলেন, ‘আমার দুই মেয়ে ও এক ছেলে। স্বামী আট বছর ধরে প্যারালাইসড। নিরুপায় আমি গ্রামে গ্রামে ঘুরে রুটি ও বিস্কুট বিক্রি করে সংসার চালাই।’ তিনি অভিযোগ করে বলেন, ‘এইটা সহ্য করতে পারে না মাতব্বর সাদেক ও ফয়জার। সাদেক আমারে বিয়ার প্রস্তাব দিছিল। রাজি না হওয়ায় আরও খেপছে। এখন আমার ১১ বছরের মেয়েটার নামে তারা কুকথা ছড়াচ্ছে। এর প্রতিবাদ করায় আমারে আর আমার পোলাপানরে পিটাইয়া রাখে নাই।’ ওই নারী জানান, তাঁর বড় মেয়ে সন্তানসম্ভবা। সেও মারধরের শিকার হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন সে বাড়িতে আছে।
অভিযুক্ত সাদেক আলী বলেন, ‘ওই নারী ও তাঁর মেয়ের চরিত্র ভালো না। ঘটনার দিন আমাকে স্যান্ডেল তুলে দেখালে আমরা প্রতিবাদ করেছি। তবে মারিনি।’
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ফরিদুল ইসলাম বলেন, ওই নারী বুক, পিঠ ও গলায় আঘাত পাওয়ায় ঠিকমতো কথা বলতে পারছেন না। তাঁর একটি হাতও ভেঙে গিয়ে থাকতে পারে। এক্স-রে প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।