মাতব্বরদের ভুল ভাঙল, একত্র হলেন বৃদ্ধ দম্পতি
নীলফামারীর সৈয়দপুরের হিল্লা বিয়ের জন্য চাপ দেওয়া সেই বৃদ্ধ দম্পতিকে আর আলাদা থাকতে হবে না। তাঁরা এখন থেকে আগের মতো একত্রে বসবাস করতে পারবেন। গতকাল সোমবার উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মধ্যস্থতায় এ সমস্যার সমাধান হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর উপজেলার মণ্ডলপাড়ার আজগর আলী তাঁর স্ত্রী মমতা বেগমের উদ্দেশে দুবার তালাক উচ্চারণ করেন। এ কথা জানতে পেরে গ্রাম্য মাতব্বরেরা বিষয়টি মাদ্রাসার এক শিক্ষককে জানান। ওই শিক্ষক মমতা বেগমকে হিল্লা বিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেন। সিদ্ধান্ত অনুযায়ী তাঁরা মমতা বেগমকে হিল্লা বিয়ে দেওয়ার জন্য চাপ দেন। কিন্তু এতে রাজি হননি মমতা। এ কারণে মাতব্বরেরা তাঁদের আলাদা থাকতে বাধ্য করেন। এ নিয়ে ১৪ অক্টোবর প্রথম আলোয় ‘হিল্লা বিয়ের জন্য চাপ, বৃদ্ধ দম্পতি বিপাকে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।বাঙালিপুর ইউপির চেয়ারম্যান শাহাজাদা সরকার বলেন, ‘ইউএনওর নির্দেশে আমি আজগর আলীর বাড়ির উঠানে বৈঠক করি। ওই বৈঠকে গ্রাম্য মাতব্বরেরাও উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত সবাইকে বোঝানো হয়েছে, রেগে গিয়ে তালাক উচ্চারণ করলে তালাক হয়ে যায় না।’গ্রাম্য মাতব্বর আইয়ুব আলী বলেন, ‘আমরা আইনটা জানতাম না। মাদ্রাসার শিক্ষক মুফতি আবুল হাসানের ব্যাখ্যা শুনে আমরা মমতা বেগম ও আজগর আলীকে আলাদা থাকতে বাধ্য করেছিলাম। পরে নিজেদের ভুল বুঝতে পেরেছি।’