মাতব্বরসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এলাকার মাতব্বরসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন ছাত্রীটির বাবা। গত মঙ্গলবার করা ওই মামলার আগের রাতেই আবুল মিয়া (২৪) নামে এক যুবককে আটকের পর গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এদিকে, অসুস্থ অবস্থায় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য গতকাল বুধবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, মেয়েটির বাবা গত মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এতে বখাটে মাসুদ মিয়া (২০),আজিজুল (২৫), আবুল মিয়া (২৫), এলাকার মাতব্বর রইছ মিয়া (৫০) ও খোকন মিয়াকে (৪০) আসামি করা হয়। এর মধ্যে সোমবার গ্রেপ্তার হওয়া আবুল মিয়াকে আদালতের মাধ্যমে গতকাল বুধবার জেলহাজতে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগে বলা হয়, গত ১৮ অক্টোবর রাত আটটার দিকে ছাত্রীর মুখে কাপড় গুঁজে বাড়ি থেকে তুলে পাশের জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে মেয়েটির হাত-পা বেঁধে ছুরি ও ব্লেডের ভয় দেখিয়ে তাঁর ওপর নির্যাতন চালানো হয়। পরে এ ঘটনা স্থানীয় ইউপি সদস্য আবদুল মোতালেবসহ পার্শ্ববর্তী পোল্টিপাড়া গ্রামের মাতব্বর রইছ মিয়া এবং কাওড়া গ্রামের খোকন মিয়াকে জানালে গ্রাম্য দরবারের নামে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। মামলা না করার জন্য মেয়েটির অভিভাবককে ভয়ভীতি দেখানো হয়। মেয়েটির বাবা বলেন, ‘মাতব্বরেরা আসামি সোহাগের সাথে আমার মেয়েরে বিয়ে দিতে কয়। কিন্তু আমি এতে রাজি অই নাই। তাঁদের কারণেই আমার মামলা দিতে দেরি অইছে। আমি এর বিচার চাই।’ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অভিজিৎ কুমার সিংহ বলেন, ঘটনার অনেক দিন হয়ে গেছে। এতে আলামত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তার পরও ডাক্তারি পরীক্ষার জন্য গত সোমবার মেয়েটিকে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সঞ্জু মিয়া বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টামূলক শাস্তি হওয়া উচিত। ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) অভিরঞ্জন দেব বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাতব্বররসহ অন্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।