মাতামুহুরী নদী থেকে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে ডুবে নিখোঁজ পঞ্চম শ্রেণির ছাত্র নয়ন আজিজের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে মাতামুহুরী নদীর আমান্যার চর পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
গত শনিবার দুপুরে মাতামুহুরীর নামার চিরিংগা পয়েন্টে গোসল করতে গিয়ে নয়ন নিখোঁজ হয়। নামার চিরিংগা থেকে আমাইন্যার চরের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। নয়ন চকরিয়া পৌরসভার ফুলতলার বাসিন্দা বাদশা মিয়ার ছেলে।
চকরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সরওয়ার আলম বলেন, গত শনিবার দুপুরে কোচিং শেষে পঞ্চম শ্রেণির ছাত্র নয়ন আজিজ, মো. ওসমান ও পুতু মিয়া নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় তারা তিনজনই ডুবে যায়। স্থানীয় লোকজন তাৎক্ষণিক ওসমান ও পুতু মিয়াকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ ছিল নয়ন।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম বলেন, শনিবার দুপুর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ ছাত্রের সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে রামু থেকে ডুবুরি দল এনেও উদ্ধার অভিযান চালানো হয়। কিন্তু খুঁজে পাওয়া যায়নি। গতকাল রোববার আমাইন্যার চর এলাকায় ওই ছাত্রের মরদেহ ভেসে উঠে।