মাতামুহুরী নদীতে তৈরি দুটি রাবার ড্যামের উদ্বোধন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলার প্রধান নদী চকরিয়ার মাতামুহুরীতে আজ শনিবার চালু হচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত দুটি রাবার ড্যাম। আজ বিকেল পাঁচটায় পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন উপজেলার মানিকছড়ি ইউনিয়নের বাঘগুজরা অংশে ‘মাতামুহুরী দ্বিতীয় সেচ প্রকল্পের’ আওতায় তৈরি বাঘগুজরা রাবার ড্যামটি উদ্বোধন করবেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ৫৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে এই রাবার ড্যাম দুটি তৈরি করে। রাবার ড্যাম দুটি চালুর পর চকরিয়া ও পেকুয়া উপজেলার ২০টি ইউনিয়নের প্রায় ১৪ হাজার হেক্টর জমি সেচ-সুবিধার আওতায় আসবে। রাবার ড্যামের মাধ্যমে পাহাড় থেকে নেমে আসা বৃষ্টির পানি নদীতে ধরে রাখা হবে।

পাউবো সূত্র জানায়, পার্বত্য বান্দরবানের পাহাড় থেকে আঁকাবাঁকা হয়ে নেমে আসা (চকরিয়া-পেকুয়া হয়ে) ১১০ কিলোমিটারের মাতামুহুরী নদীটি বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এর মধ্যে পেকুয়া ও চকরিয়া উপজেলায় পড়েছে প্রায় ৫৫ কিলোমিটার। চকরিয়ার বাঘগুজরা এলাকায় ৩১ কোটি চার লাখ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে ২৩৩ দশমিক ৫০ মিটার লম্বা একটি রাবার ড্যাম। আর ২২ কোটি ৭৮ লাখ টাকায় পালাকাটা অংশে তৈরি হয় ১৮৬ দশমিক ৫০ মিটার লম্বা আরেকটি রাবার ড্যাম। রাবার ড্যাম দুটি তৈরি করতে সময় লেগেছে দুই থেকে তিন বছর।

চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ৩০ বছর ধরে এই দুই উপজেলার অন্তত ৬০ হাজার চাষি নদীর বিভিন্ন অংশে বালুর ক্রসবাঁধ দিয়ে শাকসবজি ও ফসলের চাষ করে আসছেন। স্থানীয় প্রশাসন ও চাষিদের দেওয়া চাঁদায় একাধিক অস্থায়ী ক্রসবাঁধ তৈরি করতে প্রতিবছর ব্যয় হতো ৫০ থেকে ৭০ লাখ টাকা। কিন্তু বর্ষার সময় পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে এই বাঁধ উপচে নদীর দুই তীরের হাজার হাজার বসতবাড়ি, ফসলি জমি তলিয়ে যেত বলে ওই বাঁধগুলো ভেঙে দিতে হতো। এতে প্রতিবছর চাষিদের ওই বাঁধ নির্মাণের বিপরীতে বিপুল টাকা খরচ হতো। কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর চাষিদের দুর্ভোগ থেকে রক্ষার জন্য নদীতে দুটি স্থায়ী রাবার ড্যাম তৈরি করে দিয়েছে। এতে এলাকার মানুষ খুশি।

বাঘগুজরা এলাকার কৃষক সৈয়দ আমিন (৫৫) বলেন, ‘একটি স্থায়ী বাঁধের জন্য আমরা চাষিরা ৩০ বছর ধরে আন্দোলন করছি। কিন্তু কেউ আমাদের দুঃখ আমলে নেয়নি। এই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কথা শুনেছেন। তিনি দুটি স্থায়ী রাবার ড্যাম দিয়ে আমাদের সুন্দরভাবে জীবিকা নির্বাহের সুযোগ করে দিয়েছেন।’ পাউবো কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মাইনদ্দীন বলেন, রাবার ড্যাম দুটি নির্মিত হওয়ায় নদীর দুই তীরের ১৩ হাজার ৭১১ হেক্টর জমি সেচ-সুবিধার আওতায় আসছে এবং চাষিরা সারা বছর চাষবাদের সুবিধা পাবেন।