মাতামুহুরীতে ডুবে দুই শিশুর মৃত্যু
কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম দিগর পানখালীর এক নম্বর বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুই ছাত্র হলো চকরিয়া শেখ রাসেল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র নুরহান (১৪) ও পশ্চিম দিগর পানখালী নুরানী মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মিরাজ উদ্দিন (১৩)।
নুরহান পশ্চিম দিগর পানখালী এলাকার মোহাম্মদ মোজাম্মেল হকের ছেলে এবং মিরাজ একই এলাকার আবু ছালামের ছেলে।
পশ্চিম দিগর পানখালী গ্রামের কয়েকজন বাসিন্দার ভাষ্য, নুরহান ও মিরাজ আজ সকালে বন্ধুদের সঙ্গে স্থানীয় মাঠে ফুটবল খেলে মাতামুহুরী নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে তারা ডুবে যায়। আধঘণ্টা পর নুরহানের দেহ ভেসে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে মিরাজের দেহও উদ্ধার করেন। দুজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খাঁন বলেন, মাতামুহুরী নদী থেকে উদ্ধার হওয়া দুই ছাত্রের লাশ নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।