মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিনিধিদল
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদের নেতৃত্বে নয়জন সচিবসহ ১৩ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গতকাল শনিবার কক্সবাজারের সাগরদ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছে।
গতকাল সকাল নয়টার দিকে প্রতিনিধিদলটি কক্সবাজার থেকে স্পিডবোটে চড়ে মহেশখালীর প্রস্তাবিত ঘটিভাঙা অর্থনৈতিক অঞ্চল, হোয়ানক বিদ্যুৎকেন্দ্র, চালিয়াতলি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন। দুপুর ১২টার দিকে তাঁরা মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্প এলাকায় যান।
এ সময় আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, মাতারবাড়ী-মহেশখালীকে ঘিরে বিদ্যুৎকেন্দ্র, এলএনজি টার্মিনাল, বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করার জন্য সরকার মেগা পরিকল্পনা হাতে নিয়েছে। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার জন্য দরকার বিদ্যুৎ। তাই ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্র করা হচ্ছে।
মুখ্য সচিবের সঙ্গে ছিলেন ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সফিউল আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এম এ এন সিদ্দিক, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব মনোয়ার ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব কামাল উদ্দিন আহমদ, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, বেজার প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. হারুনুর রশিদ, বেজা উন্নয়ন বিশেষজ্ঞ এ কে এম মাহবুবুর রহমান ও উপসচিব মলয় চৌধুরী।
প্রধানমন্ত্রীকে স্মারকলিপি: মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের ক্ষতিপূরণের টাকা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের হাতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি তুলে দেন এলাকাবাসীর পক্ষে জি এম ছমি উদ্দিন।