মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে সরকারি প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীর কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছে সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। গতকাল শুক্রবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদল প্রকল্পের সদস্যরা নির্মাণাধীন বিভিন্ন স্থানে প্রস্তুতিমূলক কাজ ঘুরে দেখেন।

পরে বেলা তিনটায় প্রতিনিধিদলের সদস্যরা প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের অস্থায়ী কার্যালয়ে নিরাপত্তা বাহিনী, প্রশাসন, জনপ্রতিনিধি ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা করেন। সভায় দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান পেন্টা ওশেন কনস্ট্রাকশন কোম্পানির প্রকল্প ব্যবস্থাপক আকি নরি মায়েদা প্রস্তুতিমূলক কাজের অগ্রগতি তুলে ধরেন।

প্রতিনিধিদলে ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, নৌবাহিনীর চিফ অব নেভাল স্টাফ অ্যাডমিরাল মোহাম্মদ নিজার উদ্দিন, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, বিদ্যুৎসচিব মনোয়ার ইসলাম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খান, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুব উল আলম, অতিরিক্ত সচিব এস এম আমিনুর রহমান, বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ নাজমুল আবেদীন। উপস্থিত ছিলেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, কোল পাওয়ার জেনারেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবুল কাসেম, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ ও ধলঘাট ইউপির চেয়ারম্যান কামরুল ইসলাম।

পেন্টা ওশেন কনস্ট্রাকশন কোম্পানির স্বাস্থ্য, সুরক্ষা ও পরিবেশ ব্যবস্থাপক সৈয়দ আসিকুর রহমান বলেন, প্রস্তুতিমূলক কাজের মধ্যে চ্যানেলে ২ দশমিক ৮ কিলোমিটার ড্রেজিং, মাটি ভরাট, স্থায়ী অফিস ভবন, জেটি ও বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে। এর মধ্যে ৩৭ শতাংশের কাজ শেষ হলেও বাকি কাজ আগামী এপ্রিলের মধ্যে শেষ করা হবে।