কক্সবাজারের মহেশখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আগ্রহে গড়ে উঠছে ১২০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্প। কিন্তু ইতিমধ্যে চিংড়ির ক্ষতিপূরণ দেখিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ অনেকে সেই প্রকল্পের ২০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ নিয়ে কক্সবাজার আদালত ও থানায় একাধিক মামলা হয়েছে। মামলার তদন্ত করার দায়িত্ব পায় দুদক। কিন্তু ছয় মাসেও দুদক সেই তদন্ত শেষ করতে পারেনি। এতে দুর্নীতিবাজেরা আরও উৎসাহিত হচ্ছেন।
গতকাল কক্সবাজার জেলা প্রশাসক সম্মেলনকক্ষে আয়োজিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আলোচনায় সভায় এসব কথা তুলে ধরেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনি–ভার্সিটির গণসংযোগ কর্মকর্তা কুতুব উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার নাসির উদ্দিন আহমদ।
দুদক কমিশনারকে উদ্দেশ করে কুতুব উদ্দিন বলেন, এই ২০ কোটি টাকার মধ্যে কে কত টাকা ঘুষ নিয়েছেন, তাঁর কাছে তথ্য আছে। অথচ এই দুর্নীতিবাজেরাই জেলা প্রশাসনের বিভিন্ন কার্যালয় নিয়ন্ত্রণ করছেন।
জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) অনুপম সাহার সভাপতিত্বে ওই সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে আহমদ হোসেন বলেন, মাতারবাড়ীর এই প্রকল্প প্রধানমন্ত্রীর প্রকল্প। অথচ এই প্রকল্পের টাকা নিয়ে লুটপাট চলছে। গণমাধ্যমে লেখালেখি হচ্ছে। হয়েছে মামলা। কিন্তু দুদক কিছুই করতে পারছে না।
জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজ এবং স্থানীয় দুদক সদস্যদের নিয়ে ‘দুর্নীতি প্রতিরোধসংক্রান্ত আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়।
সভায় কক্সবাজার আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মমতাজ আহমদ বলেন, সরকারি-বেসরকারি সব দপ্তরে দুর্নীতি হচ্ছে কিন্তু তা দৃশ্যমান নয়। এ ক্ষেত্রে দুদক ভূমিকা রাখতে পারে। জেলা ও উপজেলায় দুদক কমিটিতে যাঁরা রয়েছেন, তাঁরা নিরীহ। ঢাল-তলোয়ার ছাড়া এই নিরীহ লোকজন দিয়ে প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়।
সভায় বক্তব্য আরও দেন দুদক চট্টগ্রাম অঞ্চলের পরিচালক আজিজ উদ্দিন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান হাকিম, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, আইনজীবী ফরিদুল আলম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া, সাংবাদিক ইমরুল কায়েস চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার নাসির উদ্দিন আহমদ বলেন, দুর্নীতি করলে কেউ রেহায় পাবে না। দুর্নীতি প্রতিরোধে দুদক মাঠে নেমেছে। মাতারবাড়ী প্রকল্পের ২০ কোটি টাকা লুটের যে মামলা, তার তদন্ত দ্রুত শেষ করা হবে।