মাতাল পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি
রংপুরের বদরগঞ্জ থানার সেই মাতাল সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রহিমের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বহাল তবিয়তে থানায় দায়িত্ব পালন করে স্থানীয় সাংবাদিক ও নিরীহ মানুষকে হুমকি-ধমিক দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২৩ মার্চ রাত সাড়ে আটটার দিকে মাতাল অবস্থায় সাদা পোশাকে বদরগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে গিয়ে ব্যবসায়ীসহ নিরীহ অন্তত ৩০ জন পথচারীকে লাঠিপেটা করে তিনি আলোচিত হন। এ নিয়ে ২৫ মার্চ প্রথম আলোয় ‘মাতাল হয়ে পথচারীদের পেটালেন এএসআই’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। কিন্তু ঘটনার পর ১১ দিনেও ওই এএসআইয়ের বিরুদ্ধে কোনো তদন্ত হয়নি।
অভিযোগ আছে, ওই রাতে রেলওয়ে স্টেশন চত্বরে সাদাপোশাকে লাঠি হাতে একাই গিয়ে ওই এএসআই নিরীহ লোকজনকে পেটালে জনতা ক্ষুব্ধ হয়ে তাঁকে ধাওয়া করে। এ সময় তিনি পালিয়ে রক্ষা পান। ক্ষুব্ধ লোকজন রাতেই থানা ঘেরাও করে তাঁর শাস্তির দাবিতে বিক্ষোভ করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান চৌধুরী ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে জনতা শান্ত হয়ে ফিরে যায়। এ ঘটনা পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ায় আবদুর রহিম স্থানীয় কয়েকজন সাংবাদিকের ওপর ক্ষুব্ধ হয়েছেন।
বদরগঞ্জের মুঠোফোনের খুচরা যন্ত্রাংশের ব্যবসায়ী মিলন রহমান ও মানবজমিন-এর বদরগঞ্জ প্রতিনিধি রমজান আলী সরকার অভিযোগ করেন, তাঁরা ২৬ মার্চ বিকেলে স্থানীয় থানায় গেলে এএসআই আবদুর রহিম তাঁর বিরুদ্ধে প্রকাশিত খবরের সূত্র ধরে প্রথম আলো, কালের কণ্ঠ ও স্থানীয় দৈনিক যুগের আলোর প্রতিনিধির নাম উল্লেখ করে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং তাঁদের দেখে নেওয়ার হুমকি দেন।
লাঠিপেটার শিকার মাহবুবুর রহমান, মোহন রায়, সুজন, অপুসহ কয়েকজন অভিযোগ করেন, ঘটনার পরদিন এএসআই আবদুর রহিম আবারও রেলস্টেশন চত্বরে গিয়ে ঘটনাটি নিয়ে কেউ বাড়াবাড়ি করলে অসুবিধা হবে বলে হুমকি দিয়েছেন। তাঁদের অভিযোগ, ওসি ওই কর্মকর্তার বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে তাঁরা আবারও থানা ঘেরাও করবেন।
ওসি জাহিদুর রহমান চৌধুরী বলেন, অভিযুক্ত এএসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। তবে সাংবাদিকদের হুমকি দেওয়ার মৌখিক অভিযোগ পেয়ে তাঁকে সতর্ক করা হয়েছে। নিরীহ মানুষকে পেটানোর প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা বিব্রত।’