মাতাল স্বামীকে কারাগারে পাঠালেন স্ত্রী
মাতাল হয়ে গায়ে হাত তোলায় স্বামী নুরুল হকের (৩৫) বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন টাঙ্গাইলের সখীপুরের এক গৃহবধূ। তাঁর অভিযোগ পেয়ে পুলিশ নুরুল ইসলামকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানায়, আজ বুধবার সকাল ১০টায় আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল ইসলাম নুরুল ইসলামকে সাজা দেন। সাজাপ্রাপ্ত নুরুলের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর গ্রামে।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, নুরুল ইসলাম গত মঙ্গলবার সন্ধ্যায় সখীপুর বাসস্ট্যান্ডে মদপান করে মাতলামি করেন এবং বাড়ি গিয়ে স্ত্রীকে পেটান। ওই রাতেই তাঁর স্ত্রী পুলিশের কাছে অভিযোগ করেন। পুলিশ নুরুলকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। আদালত এক মাসের সাজা দেন। তাকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।