মাতাল হয়ে পথচারীদের পেটালেন এএসআই
রংপুরের বদরগঞ্জে গত রোববার আবদুর রহিম নামের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে মাতাল হয়ে পথচারীদের লাঠিপেটা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ লোকজন তাঁকে ধাওয়া করে না পেয়ে পুলিশের এক সদস্যকে মারধর করেন। পরে পুলিশের ওই এএসআইয়ের শাস্তির দাবিতে ক্ষুব্ধ লোকজন থানা ঘেরাও করে বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, ওই রাতে সাদা পোশাকে আবদুর রহিম হাতে লাঠি নিয়ে বদরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় যান। এরপর তিনি পথচারীদের ওপর চড়াও হন। এ সময় তিনি অন্তত ২৫ জন পথচারীকে পেটান। পরে তিনি রেলওয়ে বস্তি এলাকায় ঢুকে হরিজন সম্প্রদায়ের আরও পাঁচজনকে পেটান। এতে হরিজন সম্প্রদায়ের লোকজনসহ সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে রহিমকে ধাওয়া করেন। এ সময় তিনি পালিয়ে যান। পরে ক্ষুব্ধ লোকজন পুলিশ সদস্য আবদুল খালেককে পেয়ে তাঁকে মারতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ক্ষুব্ধ লোকজন রাতেই থানা ঘেরাও করে পুলিশের ওই কর্মকর্তার শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। এ সময় থানার পরিদর্শক (ওসি-তদন্ত) জাহিদুর রহমান চৌধুরী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধ লোকজন স্থান ত্যাগ করেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, পুলিশের ওই কর্মকর্তা নিয়মিত নেশা করেন। তাঁর সঙ্গে স্থানীয় নেশাখোরদের সখ্য রয়েছে।
পথচারী সবুজ মিয়া ও সুমন মিয়া অভিযোগ করেন, তাঁরা ওই রেলওয়ে স্টেশন চত্বর এলাকায় পৌঁছামাত্র এক ব্যক্তি তাঁদের পেটান। পরে জানতে পারেন, ওই ব্যক্তি পুলিশের এএসআই।
হরিজন সম্প্রদায়ের মোহন দাস ও বিভুয়া দাস বলেন, পুলিশের ওই কর্মকর্তা মাতাল হয়ে বস্তি এলাকায় ঢুকে তাঁদের পাঁচজনকে পেটান। তবে আবদুর রহিম নেশা করে মাতাল হওয়া বা সাধারণ মানুষকে মারধর করার অভিযোগ অস্বীকার করেছেন। পরিদর্শক জাহিদুর রহমান চৌধুরী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।