মাতালের পক্ষ নিয়ে এসআই অবরুদ্ধ, ওসির দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম এক মাতালের পক্ষ নিয়ে তিনজন নিরীহ মানুষকে মারধর করেছেন। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় লোকজন তাঁকে অবরুদ্ধ করে রাখেন। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপররাজারামপুর মোড়ে এ ঘটনা ঘটেছে।

প্রায় পৌনে এক ঘণ্টা পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন ঘটনাস্থলে গিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং তাঁকে ছাড়িয়ে নেন। পরে চাপের মুখে ওই মাতালকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপররাজারামপুর এলাকার ব্যবসায়ী হজরত আলী (৪৫) মদ পান করে মাতলামি করছিলেন। এ সময় তিনি স্থানীয় শহীদুল ইসলামের চায়ের দোকানের চুলা ভেঙে ফেলেন। এর প্রতিবাদ করায় হজরত আলী ওই দোকানে ইটপাটকেল মারেন এবং শহীদুল ইসলামকে গালিগালাজ করেন।

কিছুক্ষণ পরে হজরত আলী ফোন করলে এসআই মনিরুল ইসলাম পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে আসেন। সেখানে স্থানীয় লোকজনের কোনো কথা না শুনেই শহীদুল ইসলামকে চড়থাপ্পড় মারেন। এর প্রতিবাদ করায় মনিরুলের হাতে মারধরের শিকার হন মুক্তার হোসেন (৩৮) ও আবদুর রহিম (৪০)। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী রাত পৌনে আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত মনিরুলকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে ওসি ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর কাছে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে মনিরুলকে ছাড়িয়ে নেন।

এলাকাবাসীর অভিযোগ, হজরত আলীর সঙ্গে এসআই মনিরুলের সখ্য রয়েছে। হজরতের রিংস্লাবেরকারখানায় নিয়মিত মদের আসর বসাসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ হয়। মনিরুল মাঝেমধ্যে এসব কাজে অংশ নেন। এ জন্যই তাঁর পক্ষ নিয়ে সাধারণ এলাকাবাসীকে মারধর করেছেন মনিরুল ইসলাম।

স্থানীয় সাংবাদিকেরা খোঁজখবর নিলে রাত ১০টার দিকে পুলিশ হজরত আলীকে আটক করে। পরে সদর হাসপাতালে তাঁর ডাক্তারি পরীক্ষায় মদ পানের আলামত পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন ওসি। পরে ভ্রাম্যমাণ আদালত গতকাল শনিবার তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।

এসআই মনিরুল ইসলাম দাবি করেন, তিনি কাউকে মারধর করেননি। সখ্যের ব্যাপারে মনিরুল ইসলাম বলেন, হজরত একটি মামলার বাদী। ওই সুবাদে দুবার তিনি তাঁর রিংস্লাবের কারখানায় যান। অসামাজিক কার্যকলাপে অংশ নেওয়ার অভিযোগও তিনি অস্বীকার করেন।