মাতালের হামলায় শিক্ষক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় এক স্কুলশিক্ষককে কুপিয়ে আহত করেছে এক মাতাল। আহত স্কুলশিক্ষক আবুল কালাম আজাদকে (৪২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার সূর্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও মোহনপুর গ্রামের বাসিন্দা।পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, রোববার সন্ধ্যার পর শিক্ষক নিজ গ্রামের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় একই গ্রামের বাসিন্দা ইউপি সদস্য জেহের আলীর ছেলে আবদুল মতিন (২৫) মাতাল অবস্থায় শিক্ষককে দোকান থেকে ডেকে নিয়ে আসেন এবং বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁর কাছে লুকিয়ে রাখা হাঁসুয়া বের করে শিক্ষককে কোপাতে উদ্যত হন। শিক্ষক কারণ জানতে চাইলে মতিন তাঁর ওপর আরও চড়াও হন। একপর্যায়ে মতিন হাঁসুয়া দিয়ে আঘাত করলে তাঁর হাতে কোপ লাগে। এতে তাঁর দুই হাতের বিভিন্ন স্থান জখম হয়। এ সময় শিক্ষকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে মতিন সটকে পড়েন।পরে লোকজন ওই শিক্ষককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে আহত শিক্ষকের ভাই শাহীনুর রহমান বাগমারা থানায় একটি মামলা করেছেন। স্থানীয় লোকজন জানান, মতিন এলাকায় বখাটে হিসেবে পরিচিত। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, ঘটনাটি দুঃখজনক।