মাতাসাগর ইজারায় অনিয়ম তদন্ত করছে ভূমি মন্ত্রণালয়
দিনাজপুরের ঐতিহাসিক মাতাসাগর ইজারায় অনিয়ম তদন্তে ভূমি মন্ত্রণালয়ের একটি দল গত বুধবার মাতাসাগর পরিদর্শন করেছে। পরে দলটি জেলার বিভিন্ন সংগঠন ও শ্রেণীপেশার মানুষের কাছ থেকে মতামত নেয়।জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, দিনাজপুর শহরের উপকণ্ঠে শেখপুরা ইউনিয়নের প্রাণনাথপুর মৌজায় মাতাসাগর দিঘির আয়তন ৪৫ দশমিক ৬০ একর। দিনাজপুরের মহারাজা সুকদেব তাঁর মায়ের নামে দিঘিটি খনন করেছিলেন। সিএস ও এসএ জরিপে দিঘিটি খাস খতিয়ানভুক্ত।অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাবা এস্কান্দার মজুমদার ১৯৮১ সালে ৯৯ বছরের জন্য মাতাসাগর ইজারা নেন। তিনি সেখানে ‘দিনাজপুর লাইফ স্টক অ্যান্ড পোলট্রি ফার্ম’ গড়ে তোলেন। কিন্তু তিনি ভূমি মন্ত্রণালয়ের ইজারার শর্ত মানেননি। এমনকি ইজারার মূল্যও নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করেননি। উপরন্তু তিনি মাতাসাগরের জমি বন্ধক রেখে সোনালী ব্যাংক দিনাজপুর করপোরেট শাখা থেকে তাঁর খামারের নামে প্রায় ২০ লাখ টাকা ঋণ নেন। টাকা পরিশোধ না করে ১৯৮৪ সালে এস্কান্দার মজুমদার মৃত্যুবরণ করেন। পরবর্তী সময়ে খেলাপি ঋণ আদায়ে ব্যাংকের পক্ষে তাঁর স্ত্রী তৈয়বা মজুমদার, ছেলে সাঈদ এস্কান্দার, শামীম এস্কান্দার এবং মেয়ে খালেদা জিয়া, খুরশিদ জাহান হক ও সালিমা রহমানের বিরুদ্ধে মামলা করা হয়। এ অবস্থায় খালেদা জিয়া ও তাঁর ভাইবোনেরা ১৯৯৬ সালে মা তৈয়বা মজুমদারের কাছে মাতাসাগর বিক্রি করে দেন। একই বছর তৈয়বা মজুমদার খামারের নামে মাতাসাগরের পুরো জমি তৎকালীন প্রতিমন্ত্রী ফজলুর রহমান, তাঁর বাবা আরশাদ আলম ও মা রোখসানা হোসেনের কাছে বিক্রি করে দেন।মাতাসাগর কিনে নেওয়ার পর ফজলুর রহমান ও তাঁর ছোট ভাই মিজানুর রহমান দিনাজপুর সোনালী ব্যাংকে খালেদা জিয়ার বাবার সব দায় পরিশোধ করেন এবং পরবর্তী সময়ে তাঁরাও বিভিন্ন ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নেন। মাতাসাগর এলাকার বাসিন্দা মো. সাইফুদ্দিন আখতার জানান, কিনে নেওয়ার পর ফজলুর রহমান ও তাঁর ভাই মিজানুর রহমান মাতাসাগরের চারদিকের উঁচু পাড়ের হাজার হাজার ফনফুট মাটি কেটে বিক্রি করেন। পুকুরপাড়ের বিশাল ঘন শালবন কেটে উজাড় করে দেন। ২০ একর জলাভূমি কেটে ছোট ছোট পুকুর তৈরি এবং পুকুরপাড়ে মিল চাতাল প্রতিষ্ঠা করেন।মাতাসাগরের ইজারা বাতিল করে তা দিনাজপুরবাসী তথা জেলা প্রশাসকের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে ২০০২-২০০৩ সালে দিনাজপুরে আন্দোলন গড়ে ওঠে। সর্বশেষ দিনাজপুরবাসীর পক্ষে গত বছরের নভেম্বরে সাংস্কৃতিক কর্মী হাফিজুল ইসলাম মাতাসাগরের ইজারা বাতিলের জন্য ভূমি মন্ত্রণালয়ের কাছে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্তপ্রধান ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মো. জহিরুল ইসলাম জানান, আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।মাতাসাগর দেখাশোনার দায়িত্বে থাকা মিজানুর রহমান দাবি করেন, মাতাসাগরের ইজারায় কোনো ভুল নেই। তদন্তদলের কাছে তিনি তাঁর সপক্ষে দলিল জমা দিয়েছেন।