মাতাসাগরের ইজারা বাতিল করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, দুর্নীতির মাধ্যমে দখলে নেওয়া দিনাজপুরের মাতাসাগর দিঘির ইজারা বাতিল করা হচ্ছে। ইতিমধ্যে এ ব্যাপারে দীর্ঘ তদন্ত শেষে এ ইজারা বাতিল করে তা সরকারের কাছে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার ২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন। খালেদা জিয়ার পরিবারকে ‘দুর্নীতিবাজ পরিবার’ আখ্যায়িত করে প্রতিমন্ত্রী বলেন, এই পরিবারটি কখনো আইন মানেনি। তাঁর স্বামী অবৈধভাবে ক্ষমতা দখল করেন। তাঁর বাবা এস্কান্দার মজুমদার ৪৫ একর জমি দখল করেছেন। ওই জমির জন্য সরকারের কাছে ১৯৭৭ সালে তিনি আবেদন করেন। কিন্তু ১৯৭৬ সালেই ক্ষমতার দাপটে স্থানীয় প্রশাসনের কাছ থেকে তিনি মাতাসাগর দখল করে নেন। খালেদা জিয়ার বাবা মারা যাওয়ার পর বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের কাছে তা বিক্রি করা হয়।প্রস্তাবিত বাজেট সম্পর্কে ভূমি প্রতিমন্ত্রী বলেন, ‘বাজেটের ভুল ধরব কোথায়? অর্থমন্ত্রী ভিক্ষুকদের জন্যও ভাতার ব্যবস্থা রেখেছেন।’ ফুলবাড়ী থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘উত্তরবঙ্গের জোরদার কোনো প্রতিনিধি নেই। আমার এলাকার কয়লাখনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হলে ৪০ বছর পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে।’সরকারি দলের আসাদুজ্জামান নূর পেট্রলের ওপর ভর্তুকি না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘ধনী মানুষের বিলাসিতার ক্ষেত্রে পেট্রলে ভর্তুকি দেওয়া ঠিক নয়।’ তিনি গাড়িতে সিএনজি ব্যবহার বন্ধ করে শিল্প-কারখানা ও বাসাবাড়িতে গ্যাস সংযোগ বাড়ানোর প্রস্তাব করেন। তিনি তরুণ প্রজন্মকে ধূমপান থেকে দূরে রাখতে তামাকের ওপর ট্যাক্স বাড়ানোরও প্রস্তাব করেন।