মাতুয়াইল আবর্জনাগারে ৬০ হাজার গাছ লাগাবে এরিকসন বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে আবর্জনাগারটি মাতুয়াইলবাসীসহ আশপাশের এলাকার জন্য একটি সমস্যা। তবে আগামী কয়েক বছরে এ এলাকায় লাগানো নিম, হরীতকী, বহেরা, অর্জুন, অশ্বত্থ, বট, বাবলা, কদম, চম্বল, কামিনী, বকুল বা কাঞ্চনের মতো গাছগুলো আবর্জনাগারের চেহারাটাই পাল্টে দেবে। আর এ উদ্যোগে এগিয়ে এসেছে এরিকসন বাংলাদেশ লিমিটেড, গ্রিনওয়ার্ল্ড ও ঢাকা সিটি করপোরেশন।গতকাল শুক্রবার পৌর আবর্জনাগারে (মাতুয়াইল ডাম্পিং গ্রাউন্ডে) প্রায় ২০ হেক্টর জমিতে ‘মাতুয়াইল সবুজায়নে এরিকসন’ কার্যক্রমটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এরিকসন বাংলাদেশ ৬০ হাজার গাছের টেকসই হয়ে বেড়ে ওঠা পর্যন্ত সহায়তা জুগিয়ে যাবে। গ্রিনওয়ার্ল্ড আগামী তিন বছরে গাছ লাগানো ও নিয়মিত পরিচর্যা কার্যক্রমটি পরিচালনা করবে। ভবিষ্যতে এসব গাছ বিশুদ্ধ বাতাস ছড়ানোর পাশাপাশি পরিবেশকে দূষণমুক্ত করতে সহায়ক হবে।উদ্বোধনী অনুষ্ঠানে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রম উদ্বোধন করেন। তিনি এরিকসন বাংলাদেশ লিমিটেড, ঢাকা সিটি করপোরেশন ও গ্রিনওয়ার্ল্ডকে এ জন্য ধন্যবাদ জানান। এই আয়োজনকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে জানানো হয়েছে, প্লাস্টিক, পলিথিন, লোহা, পাথর এবং অন্যান্য নন-অর্গানিক বর্জ্যের কারণে গ্রীষ্মকালে আগের তুলনায় মাতুয়াইল দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। ফলে এখানকার অধিবাসীরা সহজেই চর্মরোগ, শ্বাসকষ্ট, মানসিক দুর্বলতাসহ পরিবেশ-বিপর্যয়জনিত নানা রোগের শিকার হচ্ছে।এরিকসন বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট ও কান্ট্রি ম্যানেজার হাকান রুশ বলেন, বাংলাদেশে এ ধরনের প্রকল্প এটিই প্রথম। এই প্রকল্প শেষ হলে এর ফলাফল শুধু মাতুয়াইলেই দৃশ্যমান হবে না, আশপাশের মানুষের মাঝেও তা ছড়িয়ে যাবে। তিনি জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে কোম্পানি এ ধরনের কাজে এগিয়ে এসেছে। বিজ্ঞপ্তি।