মাতুয়াইলে গৃহবধূ খুন
রাজধানীর মাতুয়াইলে গতকাল মঙ্গলবার সন্ত্রাসীরা বাসায় ঢুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ছানোয়ারা খাতুন (৪৭) নামের একজন গৃহবধূকে হত্যা করেছে। তাঁর স্বামী সোলায়মান আলী এলজিইডির অডিট কর্মকর্তা বলে প্রাথমিকভাবে জানা গেছে।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন জানান, মাতুয়াইলের কাজীরগাঁওয়ে সোলায়মান আলীর দোতলা বাড়ি। নিচতলায় ভাড়ায় একটি পরিবার থাকে। দোতলায় সোলায়মান আলী সপরিবারে থাকেন। তাঁদের বড় ছেলে দুবাইপ্রবাসী। ছোট ছেলে স্থানীয় একটি কলেজে পড়েন। গতকাল বিকেলে দুবাইপ্রবাসী বড় ছেলের শ্বশুর সোলায়মান আলীর স্ত্রী ছানোয়ারার মুঠোফোনে ফোন দেন। ফোন না ধরলে তাঁর সন্দেহ হয়। তিনি বাসায় গিয়ে দেখেন, দরজা খোলা। ভেতরে ঢুকে দেখেন, ড্রইং রুমে ছানোয়ারার রক্তাক্ত দেহ পড়ে আছে।পুলিশ জানায়, ঘটনার সময় ওই বাড়ির নিচতলার ভাড়াটে পরিবারের কেউ বাসায় ছিলেন না। এমনকি গৃহকর্তা সোলায়মান আলীও বাসায় ছিলেন না। পারিবারিক কাজে তিনি গ্রামের বাড়ি মেহেরপুরে গেছেন।