মাতুয়াইলে ছিনতাই হওয়া ৫০ লাখ টাকা উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মাতুয়াইলে ওয়ান ব্যাংকের ৫০ লাখ টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত কাউকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। লুট হওয়া টাকাও উদ্ধার হয়নি। এ ঘটনায় দায়ের করা মামলাটি মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।টাকা ছিনতাইয়ের পর ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা ব্যবস্থাপক মাহবুব আলম বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা করেন। মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মোক্তার হোসেন। গতকাল যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, টাকা ছিনতাইয়ের সঙ্গে ব্যাংকের কেউ জড়িত রয়েছে বলে তাঁর সন্দেহ।মামলাটি বর্তমানে গোয়েন্দা পুলিশের ডাকাতি ও দস্যুতা প্রতিরোধ শাখার সহকারী পুলিশ কমিশনার গোলাম মোস্তফা রাসেল তদন্ত করছেন। তিনি জানান, চার-পাঁচ দিন আগে মামলাটি যাত্রাবাড়ী থানা থেকে তাঁর কাছে হস্তান্তর করা হয়েছে।গোলাম মোস্তফা আরও বলেন, ঘটনাটি যে এলাকায় ঘটেছে, ওই এলাকা ও আশপাশের এলাকার অপরাধীদের চিহ্নিত করার জন্য ইতিমধ্যে সোর্স নিয়োগ করা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা অনুসন্ধানের জন্য তিনি তিন-চার দিন ঢাকার বাইরে অভিযান চালান।ঘটনার সঙ্গে ব্যাংকের কেউ জড়িত কি না, জানতে চাইলে মামলার বাদী ওয়ান ব্যাংকের ব্যবস্থাপক মাহবুব আলম বলেন, ‘তদন্ত ছাড়া বলা মুশকিল। তবে কেউ জড়িত থাকতে পারে। ১১ জুলাই রোববার মাতুয়াইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওয়ান ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা ব্যবস্থাপকের ব্যক্তিগত গাড়িতে হামলা চালিয়ে সন্ত্রাসীরা ৫০ লাখ টাকা লুট করে। ওই টাকা ব্যাংকের যাত্রাবাড়ী শাখা থেকে নারায়ণগঞ্জ শাখায় নেওয়া হচ্ছিল।