মাতুয়াইলে প্লটের মালিকানা পেতে পাঁচ দফা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মাতুয়াইলে প্লটের মালিকানা বুঝিয়ে দেওয়ার দাবিতে সমাবেশ মিছিলসহ পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেছে কনকর্ড রাজধানী প্রকল্প প্লট ওয়েলফেয়ার ওনার্স অ্যাসোসিয়েশন।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।তবে কনকর্ড গ্রুপ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ—রাজউকের ডিটেইল এরিয়া প্ল্যান না হওয়া পর্যন্ত ক্রেতাদের অপেক্ষা করতে অনুরোধ করেছে। যারা ওই সময় পর্যন্ত অপেক্ষা করতে আগ্রহী নন, তাঁদের প্লটের বিপরীতে জমা করা টাকা ফেরত নিতে অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ্ রেজাউল মাহ্মুদ লিখিত বক্তব্যে বলেন, তাঁরা ২০০১ সালে মাতুয়াইলে কনকর্ড রাজধানী প্রকল্পে এক বা একাধিক প্লটের বুকিং দেন। এসব প্লট তিন, সাড়ে চার ও পাঁচ কাঠার। কনকর্ড কর্তৃপক্ষ প্রতি কাঠা পৌনে চার লাখ টাকা দরে দেড় হাজার প্লটের মূল্য কিস্তিতে নেয়। ২০০৮ সালে টাকা পরিশোধ শেষ হলেও চুক্তি অনুযায়ী সবাইকে প্লটের নিবন্ধন দেওয়া হয়নি।সংবাদ সম্মেলনে বলা হয়, প্লটের মালিকেরা ব্যক্তিগতভাবে কনকর্ড কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করেন। এর মধ্যে হাতেগোনা কয়েকজন প্লটের নিবন্ধন পান। কিন্তু কেউ-ই প্লট বুঝে পাননি।সংবাদ সম্মেলনে টাকা জমা দেওয়া কয়েক শ ব্যক্তি উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে প্লট বুঝে পেতে পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে আছে কনকর্ডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের (ভূমি) সাক্ষাত্ চেয়ে চিঠি দেওয়া এবং ফলপ্রসূ সমাধান পাওয়া না গেলে ৩০ এপ্রিলের মধ্যে সংবাদ সম্মেলন করে সরকারের নজরে আনা। কনকর্ড গ্রুপের বক্তব্য: গতকাল কনকর্ড গ্রুপের মহাব্যবস্থাপক সুশান্ত পালের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০০ সালে রাজধানী প্রকল্প ব্র্যাক কনকর্ড ল্যান্ডস লিমিটেড শুরু হয়। ২০০৪ সালে প্রণীত ভূমি উন্নয়ন বিধিমালা অনুযায়ী কনকর্ড ল্যান্ডস রাজধানী প্রকল্পের পরামর্শকরণের জন্য রাজউকের কাছে দুবার আবেদন করে। আবেদনের জবাবে রাজউক জানায়, ডিটেইল এরিয়া প্ল্যান চূড়ান্ত না হওয়া পর্যন্ত এ এলাকার পরামর্শকরণ কার্যক্রম স্থগিত থাকবে। ফলে রাজধানী প্রকল্পের কার্যক্রম অনুমোদন, উন্নয়নসহ সব কাজ বন্ধ হয়ে যায়।