মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়নে বাজেট বৃদ্ধি করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সকল প্রসূতির জন্য মানসম্মত সেবা আমাদের অঙ্গীকার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা। ছবি: সাহাদাত পারভেজ
‘সকল প্রসূতির জন্য মানসম্মত সেবা আমাদের অঙ্গীকার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা। ছবি: সাহাদাত পারভেজ

রাজধানীতে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকের আলোচকেরা বলেছেন, জাতীয় বাজেটের মাত্র ৪ শতাংশ এবং মোট জিডিপির মাত্র প্রায় ১ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে। মা ও শিশুস্বাস্থ্য উন্নয়নে স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বাড়ানো না হলে কাঙ্ক্ষিত মাত্রায় সাফল্য অর্জন করা সম্ভব হবে না।

আজ সোমবার ‘সকল প্রসূতির জন্য মানসম্মত সেবা আমাদের অঙ্গীকার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এ কথা বলেন। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও স্বাস্থ্য খাতে যে বাজেট বরাদ্দ আছে, তাকে অপ্রতুল হিসেবে উল্লেখ করে বাজেট বাড়ানোর বিষয়টিতে গুরুত্ব দেন। তিনি শুধু প্রসূতি মায়ের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করতে দাতাগোষ্ঠীকে এ খাতে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান।
প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক যৌথভাবে আয়োজন করে প্রথম আলো এবং জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। এতে সহায়তা করে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি।

গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ছবি: সাহাদাত পারভেজ
গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ছবি: সাহাদাত পারভেজ

বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাতৃ ও শিশুমৃত্যুর হার কমানোর বিষয়ে সরকারের রাজনৈতিক অঙ্গীকার আছে। বর্তমানে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, এনজিও, গণমাধ্যম এবং দাতাগোষ্ঠী একসঙ্গে কাজ করছে বলেই মা ও শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব হয়েছে। দেশে অবেদনবিদদের সংখ্যা কম উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী জুনে আড়াই শ তরুণ চিকিৎসক নিয়োগ পেতে যাচ্ছেন। এই চিকিৎসকদের অবেদন (অ্যানেসথেসিয়া) করার বিষয়ে এক বছরের প্রশিক্ষণ দিয়ে তাঁদের অবেদনবিদ হিসেবে গ্রামে নিয়োগ দেওয়া হবে। কমপক্ষে দুই বছর তাঁদের গ্রামে থাকতে হবে। কেননা ঢাকাকেন্দ্রিক উন্নয়ন দিয়ে সুফল পাওয়া যাবে না।
স্বাস্থ্যমন্ত্রী জানান, যাঁরা কর্মক্ষেত্রে থাকবেন না তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাল্যবিবাহ প্রসঙ্গে মন্ত্রী জানান, ১৮ বছর বয়সের আগে কোনো মেয়ের বিয়ে হবে—সরকার সে ধরনের কোনো আইন করবে না। অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের হার বেড়ে যাওয়া রোধ করাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরির জন্য তিনি গণমাধ্যমকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
কানাডা দূতাবাসের রাষ্ট্রদূত বেনোইত পিয়েরে লারমি মাতৃমৃত্যু রোধে বাংলাদেশের এ পর্যন্ত অর্জনকে ‘গ্লোবাল সাকসেস স্টোরি’ হিসেবে উল্লেখ করে বলেন, এখন লক্ষ্য অর্জনে সামনে যেসব চ্যালেঞ্জ আছে, তা–ও মোকাবিলা করতে পারবে বাংলাদেশ। তিনিও মনে করেন, ঢাকায় বসে গ্রামের মানুষকে সচেতন করে তোলা সম্ভব নয়। তিনি জানান, বাংলাদেশে ‘হেলদি প্রেগনেন্সি, হেলদি চাইল্ড’ নিশ্চিত করতে কানাডা সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যব্যবস্থাপনাকে শক্তিশালী করা, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, নার্সদের প্রশিক্ষণ, মায়েদের অপুষ্টি দূর করাসহ বিভিন্ন কর্মসূচিতে সহায়তা করা হচ্ছে।
বেনোইত পিয়েরে লারমি নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং বিভিন্ন কর্মসূচিতে পুরুষদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়টিতে গুরুত্ব দেন। তাঁর মতে, নারীর ক্ষমতায়ন হলেই মা তাঁর মেয়েকে কম বয়সে বিয়ে দেবেন না।
গোলটেবিল বৈঠকের মূল বক্তব্যে ইউনিসেফের স্বাস্থ্য বিভাগের প্রধান লিয়েন কুপেন্স জানান, ২০১৫–পরবর্তী জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হলে ২০৩০ সালের মধ্যে মাতৃমৃত্যুর হার ৭০–এর নিচে নামিয়ে আনতে হবে। বর্তমানে দেশে মাতৃমৃত্যুর হার ১৭৬। দেশে মাতৃমৃত্যুর হার কমছে, তবে মাতৃমৃত্যুর পরোক্ষ কারণ প্রতিরোধের (রক্তস্বল্পতা, জন্ডিস, অপুষ্টিসহ বিভিন্ন কারণ) দিকে তেমন নজর দেওয়া হয়নি। এখন পর্যন্ত ৩৫ শতাংশ পরোক্ষ (ইনডিরেক্ট) কারণে মায়ের মৃত্যু হচ্ছে। ৬৩ শতাংশ প্রসবই হচ্ছে বাড়িতে। ৩৭ শতাংশ প্রসব হাসপাতালে হলেও বেশির ভাগই হচ্ছে বেসরকারি হাসপাতালে।
লিয়েন কুপেন্স বলেন, দক্ষ প্রসব সহায়তাকারীর সহায়তা ছাড়া মাতৃমৃত্যু প্রতিরোধ করা সম্ভব হবে না। তবে শুধু সংখ্যা বাড়ালেই হবে না, দক্ষ প্রসব সহায়তাকারীদের দক্ষতার বিষয়টিতেও গুরুত্ব দিতে হবে। বৈঠকে লিয়েন কুপেন্স এবং প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ ইকোনমিকস ইউনিটের মহাপরিচালক আশাদুল ইসলাম বলেন, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। মাতৃ ও শিশুস্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে এসেনশিয়াল হেলথ সার্ভিস প্যাকেজ তৈরি করা হচ্ছে। তাঁর মতে, বর্তমানে স্বাস্থ্যসেবার পরিসর বা প্রবেশগম্যতা বেড়েছে, তবে উন্নত মান নিশ্চিত করা সব ক্ষেত্রে সম্ভব হচ্ছে না।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (মা ও শিশু) মোহাম্মদ শরীফ বলেন, অধিদপ্তরের কাছে সব হিসাবনিকাশ আছে। নিয়োগ দেওয়ার পরও অনেকেই কর্মক্ষেত্রে থাকছেন না। এ ক্ষেত্রে সরকারকে ব্যবস্থা নিতে হবে।
ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেনটেটিভ (ভারপ্রাপ্ত) স্টেফানো সাভি মাতৃমৃত্যু প্রতিরোধের ক্ষেত্রে পিছিয়ে পড়া সিলেট, চট্টগ্রাম ও বরিশালের জন্য আলাদা বাজেট বরাদ্দের দাবি জানান।
স্টেফানো সাভি বাল্যবিবাহ, স্কুল থেকে ঝরে পড়াসহ বিভিন্ন বিষয়ের উল্লেখ করে বলেন, এসব ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় একা কিছু করতে পারবে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর উদ্যোগ বাড়ানো হলেই মাতৃমৃত্যুর পেছনে এ ধরনের যে কারণগুলো আছে, তা প্রতিরোধ করা সম্ভব হবে।
কানাডা দূতাবাসের জ্যেষ্ঠ উন্নয়ন উপদেষ্টা সিলভিয়া ইসলামও মাতৃমৃত্যুর জন্য বাল্যবিবাহকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দেশের ৬৫ শতাংশ মেয়েরই বিয়ে হয়ে যাচ্ছে ১৮ বছর বয়সের আগে। এই বিবাহিত কিশোরীরা নিজের শরীর সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সরকারের প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত বাড়ানোর উদ্যোগকে তিনি স্বাগত জানান।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান (পরিকল্পনা) এ ই মোহাম্মদ মহিউদ্দিন ওসমানী জানান, সরকারের চতুর্থ সেক্টর প্রোগ্রামে বিনিয়োগ, সেবার মান উন্নয়ন এবং কর্মীদের দক্ষতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে। তিনি মাতৃমৃত্যু প্রতিরোধের পাশাপাশি মাতৃত্বসংক্রান্ত দীর্ঘমেয়াদি মরবিডিটি বা অসুস্থতা কমানোর বিষয়টিতেও গুরুত্ব দেন।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) মা ও শিশুস্বাস্থ্য বিভাগের জ্যেষ্ঠ পরিচালক শামস এল আরিফিনও মাতৃমৃত্যুর পেছনে যে পরোক্ষ কারণগুলো আছে, সেদিকে নজর বাড়াতে হবে বলে উল্লেখ করেন। তিনি বলেন, পরিসংখ্যানমতে, ২২ শতাংশ মৃত্যু ঘটছে মায়ের জন্ডিসের কারণে। এ ক্ষেত্রে টিকা সহজ সমাধান হতে পারে। অর্থাৎ এ ব্যবস্থাগুলো স্বাস্থ্যব্যবস্থায় থাকতে হবে। প্রসবপূর্ব স্বাস্থ্যসেবা দেওয়ার সময়ই মায়েদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করতে হবে।
কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির দেশীয় পরিচালক জো হাউউন গুই বাংলাদেশে নারী ও মেয়েশিশুর জীবনমান উন্নয়ন এবং সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব কর্মসূচি পরিচালিত হচ্ছে তা তুলে ধরেন।
সেভ দ্য চিলড্রেনের পরিচালক (স্বাস্থ্য, পুষ্টি এবং এইচআইভি এইডস) ইশতিয়াক মান্নান বলেন, জরুরি প্রসূতিসেবা কেন্দ্রে ২৪ ঘণ্টা সেবাদানকারী ব্যক্তিদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। শুধু উপস্থিতি নিশ্চিত করলেই হবে না, তাঁরা সেবা দিচ্ছেন, তা–ও নিশ্চিত করতে হবে। উন্নত সেবা নিশ্চিত করতে সরকারের জবাবদিহিও বাড়াতে হবে। তাঁর মতে, বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো না হলে কোনো লক্ষ্যেই পৌঁছানো সম্ভব হবে না। সব পরিকল্পনা হবে উচ্চাভিলাষী পরিকল্পনা।
কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির স্বাস্থ্য বিশেষজ্ঞ আন উনইয়াং পুরো বক্তব্য বাংলায় দেন। তিনি বলেন, সিলেট, চট্টগ্রাম ও বরিশালে মাতৃমৃত্যু অনেক বেশি। এ ছাড়া দরিদ্র নারীদের মাত্র ১৫ শতাংশ হাসপাতালে প্রসবের জন্য যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, কোথায় বিনিয়োগ করতে হবে, তার সুষ্ঠু পরিকল্পনা থাকতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আজিজুল আলিম জানান, বর্তমানে ৫৩ উপজেলায় মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম পরিচালিত হচ্ছে। প্রতিবছর প্রায় ৮০ হাজার মা এতে সেবা পাচ্ছেন। স্বাস্থ্যকর্মীদের কাজের বিষয়ে নজরদারিও বাড়ানো হয়েছে।
স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞদের সংগঠন ওজিএসবির সাধারণ সম্পাদক ফারহানা দেওয়ান জানান, মাতৃস্বাস্থ্য উন্নয়নে সংগঠনের পক্ষ থেকে চিকিৎসক ও দক্ষ প্রসব সহায়তাকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। খিঁচুনি, প্রসব–পরবর্তী রক্তক্ষরণ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে ‘স্ট্যান্ডার্ড ম্যানেজমেন্ট প্রটোকল’ সম্পর্কে সংগঠনের সদস্যরা অবগত। প্রসবের পরপরই মায়েদের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার নিয়েও কাজ করছে সংগঠন। সংগঠনের বর্তমান সদস্যসংখ্যা ১ হাজার ৪০০।
দাতা সংস্থা ইউএসএআইডির টিম লিডার (হেলথ সিস্টেম স্ট্রেনদেনিং) উম্মে সালমা জাহান জানান, তাঁর সংস্থার সহায়তায় বাংলাদেশ এনজিও ক্লিনিক নেটওয়ার্কের আওতায় ৩৮৮টি সূর্যের হাসি ক্লিনিক মায়েদের বিভিন্ন সেবা দিচ্ছে। এ ক্ষেত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। গত আট মাসে ক্লিনিকগুলোতে ২৮ হাজার প্রসবের মধ্যে ১৪ হাজার প্রসবই বিনা মূল্যে করা হয়েছে। গর্ভকালীন প্রস্তুতি জানাতে মোবাইলে স্বাস্থ্যতথ্য জানানো হচ্ছে।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) মাতৃস্বাস্থ্য বিশেষজ্ঞ শামিনা শারমীন বলেন, সেবার মান উন্নত করতে হলে দক্ষ জনবলের সংখ্যা বাড়াতে হবে। ২০২১ সালের মধ্যে ২২ হাজার মিডওয়াইফ (ধাত্রী) প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, শুধু সংখ্যায় বাড়ালেই হবে না, মিডওয়াইফরা যাতে কাজ করার পরিবেশ পান, তা নিশ্চিত করতে হবে।
ইউনিসেফের স্বাস্থ্য বিশেষজ্ঞ রিয়াদ মাহমুদ সরকারের সঙ্গে মাতৃ ও নবজাতক মৃত্যুর কারণ চিহ্নিত করার যে কর্মসূচি ১০টি জেলায় পরিচালিত হচ্ছে তা তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশের এ উদ্যোগ বিশ্বের বিভিন্ন দেশে প্রশংসিত হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে এই মুহূর্তে কোন এলাকায় কয়জন মা মারা গেছেন, কেন মারা গেছেন, তা জানা সম্ভব হচ্ছে। ফলে এলাকাভিত্তিক বিভিন্ন উদ্যোগ নেওয়া সহজ হচ্ছে। তবে এ কর্মসূচিকে সারা দেশে বাস্তবায়নের জন্য তিনি আগামী হেলথ সেক্টর প্রোগ্রামে বাজেট বরাদ্দে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
ইউনিসেফের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্পেশালিস্ট রাশনি বাসুর মতে, মাতৃমৃত্যু, বাল্যবিবাহসহ বিভিন্ন কারণের পেছনে সমাজ নারীদের কোন দৃষ্টিতে দেখছে, তা ভূমিকা রাখছে। তিনি মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি কিশোর–কিশোরীদের স্বাস্থ্যসেবার পেছনে বিনিয়োগ বাড়ানোর সুপারিশ করেন।