স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, ‘মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমাতে দেশের প্রতিটি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। স্বাস্থ্যকর্মীরা ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকায় প্রসূতি নারীদের সব ধরনের পরামর্শ দিচ্ছেন।’স্বাস্থ্যমন্ত্রী গতকাল শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরার নলতা হাসপাতালে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর পরিমাণ হ্রাসবিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী আরও জানান, দেশে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমাতে বর্তমান সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। ১৯৯৪ সালে মাতৃমৃত্যুর হার ছিল প্রতি লাখে ৩২২ জন। বর্তমানে এই হার কমে ১৯৪ জনে দাঁড়িয়েছে। মাতৃমৃত্যুর হার ২০১৫ সালের মধ্যে যাতে ১৩৪ জনে নামিয়ে আনা যায়, সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। প্রাথমিকভাবে এ কর্মসূচির আওতায় সাতক্ষীরা জেলার তিনটি উপজেলার ১৫টি ইউনিয়নে কাজ শুরু হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।