মাতৃ ও শিশুস্বাস্থ্য বিষয়ক কর্মশালা
‘মাতৃ ও শিশুস্বাস্থের জন্য তথ্য ও জবাবদিহিতা’ শীর্ষক প্রকল্পের ওপর গতকাল মঙ্গলবার কর্মশালা হয়েছে। চট্টগ্রামে বিভাগীয় স্বাস্থ্য দপ্তরে অনুষ্ঠিত এই কর্মাশালায় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সভায় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন প্রকল্পের দলনেতা এ কে এম নজরুল হায়দার। স্বাস্থ্য দপ্তরের চট্টগ্রাম বিভাগের পরিচালক আলাউদ্দিন মজুমদারের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপপরিচালক অধীর রঞ্জন দাশ।
বক্তারা বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ স্বাস্থ্য খাতে অনেক উন্নতি করেছে। পোলিও ও ধনুষ্টংকারের মতো রোগ বাংলাদেশ থেকে নির্মূল হয়েছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে।
বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীকে সচেতন করার মধ্য দিয়ে মাতৃ ও শিশুমৃত্যু রোধে কার্যকর ভূমিকা রাখা যাবে। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের ভূমিকা আছে। গণমাধ্যম প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যবার্তা পৌঁছে দিতে পারে।