মাতৃত্বকালীন ছুটি নিয়ে বৈষম্য চলছে

মাতৃত্বকালীন ছুটি নিয়ে সরকারি ও বেসরকারি খাতে কর্মরত মায়েদের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে। সরকারি খাতে কর্মজীবী মায়েরা মাতৃত্বকালীন ছুটি পাচ্ছেন ছয় মাস। বেসরকারি খাতে কর্মজীবী মায়েরা তা পাচ্ছেন না, তাঁদের মাতৃত্বকালীন ছুটি মালিক বা কর্তাব্যক্তিদের ইচ্ছার ওপর নির্ভর করে।
দেশে নারীর কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত তৈরি পোশাকশিল্প। আইন অনুযায়ী কারখানা ও প্রতিষ্ঠানের মায়েদের চার মাস ছুটি পাওয়ার কথা। অভিযোগ আছে, বেশির ভাগ ক্ষেত্রে মায়েরা এ ছুটি পাচ্ছেন না।
শিক্ষা নিয়ে কাজ করে, রাজধানীর লালমাটিয়ার এমন একটি এনজিওর নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী কর্মী বলেন, ‘সরকারি কর্মজীবী নারী ও বেসরকারি কর্মজীবী নারী একই প্রক্রিয়ায় মা হচ্ছেন। সরকারি কর্মজীবী মায়েদের জন্য সরকার প্রজ্ঞাপন জারি করে ছয় মাস ছুটি নিশ্চিত করল। আমরা কী দোষ করলাম?’
এ ব্যাপারে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম প্রথম আলোকে বলেন, ‘সরকারি বা বেসরকারি মা বলে আলাদা কিছু নেই। সব মাকে একই ধরনের দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। মা ও সন্তানের শারীরিক ও মানসিক সুস্থতার জন্যই মাতৃত্বকালীন ছুটি জরুরি।’ তিনি বলেন, সরকার ইচ্ছে করলেই রাষ্ট্রের স্বার্থেই সব মায়ের জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করে দিতে পারে।
এদিকে জাতিসংঘের নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ বা সিডও সনদে মাতৃত্বকালীন ছুটিকে নারীর অধিকার বলা হয়েছে। সনদে মাতৃত্ব, সন্তান লালন-পালন পরিবার ও রাষ্ট্রের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অধিকার দেশের অনেক মা ভোগ করতে পারছেন না।
প্রসূতি বিশেষজ্ঞদের মতে, মাতৃত্বকালীন ছুটি নারীর স্বাস্থ্যের ও শিশু পুষ্টির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে ছুটি নিয়ে অনেক কর্মজীবী মাকে নানা সমস্যায় পড়তে হয়। দেশের একটি বড় এনজিওতে কর্মরত এক নারী বলেন, ‘বয়স বেড়ে যাচ্ছে। তাই কম সময়ের ব্যবধানে দুই সন্তান নিই। প্রতিষ্ঠান ছয় মাস করে ছুটি দিয়েছে। তবে পরপর মাতৃত্বকালীন ছুটি কাটানোর অপরাধে অফিস বার্ষিক মূল্যায়নে আমাকে কম নম্বর দিয়েছে।’
একটি বেসরকারি টেলিভিশনে কর্মরত একজন নারী সাংবাদিক বলেন, ‘আমার প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস দিচ্ছে না। বাচ্চা হওয়ার আগেই চিকিৎসকের পরামর্শে আমাকে বেশ কয়েক দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হয়। বার্ষিক অর্জিত ছুটির পাশাপাশি বিনা বেতনে দুই মাস ছুটি নিই। সবার পক্ষে বিনা বেতনে ছুটি পাওয়া ও নেওয়া সম্ভব না।’
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০১০ সালের শ্রমশক্তি জরিপ অনুযায়ী, বর্তমানে দেশে ১ কোটি ৬২ লাখ নারী কর্মক্ষেত্রে রয়েছেন। ২০১৪ সালের দ্বিতীয়ার্ধের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৬টি দেশের নারীর আর্থসামাজিক অবস্থান তুলে ধরতে অর্থ সেবাদাতা প্রতিষ্ঠান মাস্টারকার্ড প্রকাশিত ‘ইনডেক্স অব উইমেনস অ্যাডভান্সমেন্ট’ (আইডব্লিউএ) শীর্ষক প্রতিবেদন বলছে, নারীদের কর্মসংস্থানের দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এখন বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। তবে দেশের কয়টি কলকারখানা ও প্রতিষ্ঠানে কত নারী মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা ভোগ করতে পারেন, তার পরিসংখ্যান পাওয়া যায়নি সরকারের শিল্প কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কাছে।
শিক্ষা মন্ত্রণালয় ২০১২ সালে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার প্রজ্ঞাপন জারি করে। তখন থেকেই তা কার্যকর হয়েছে বলে জানা গেছে। একই বছর বাংলাদেশ ব্যাংক সরকারি ও বেসরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে ছুটি ছয় মাস করতে বলে। তবে কয়টি প্রতিষ্ঠানে তা মানা হচ্ছে, সে পরিসংখ্যান পাওয়া যায়নি।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, দেশে প্রায় ৪ হাজার ২০০ পোশাকশিল্প কারখানায় ৪৪ লাখ শ্রমিক কাজ করেন। এতে ৮০ শতাংশই নারী শ্রমিক। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত ৩ হাজার ২৫৫টি পোশাকশিল্প কারখানা পরিদর্শন করা হয়। পরিদর্শন প্রতিবেদন অনুযায়ী, প্রসূতি কল্যাণ ছুটি ও ভাতা দেওয়া হয় ৮২ দশমিক ৭০ শতাংশ কারখানায়। প্রয়োজনীয় সরঞ্জামসহ শিশু দিবাযত্ন কেন্দ্র আছে ৬৬ দশমিক ২৭ শতাংশ কারখানায়।
বিজিএমইএর প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বেশির ভাগ কারখানায় নারী শ্রমিক মাতৃত্বকালীন ছুটি পাচ্ছে। এত বড় খাত, কিছু খারাপ মানুষ থাকতেই পারে, যারা এ ছুটি দিচ্ছে না। এ ছাড়া সরকারি কর্মজীবী মায়েরা ছয় মাস পেলেও আমরা শ্রম আইন মেনে শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি চার মাসসহ অন্যান্য সুযোগ-সুবিধা দিচ্ছি।’
তবে বেশির ভাগ কারখানায় চার মাস ছুটি দেওয়া হয় না বলে অভিযোগ করেছেন জাতীয় গার্মেন্টস দর্জি শ্রমিক জোটের নারী কমিটির জেনারেল সেক্রেটারি হেনা চৌধুরী। তিনি বলেন, ‘যারা স্বেচ্ছায় চার মাস ছুটি দিচ্ছে, তারা বেতন দেওয়ার ক্ষেত্রে টালবাহানা করতে থাকে। মাসিক বেতন আট হাজার টাকা হলে মাতৃত্বকালীন ছুটির সময় দেওয়া হচ্ছে চার হাজার টাকা।’